২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রযুক্তির ব্যবহার বিচারপ্রাপ্তি সহজ করবে’

মামলা ও বিচার কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দরিদ্র ও নারী-শিশুদের বিচারপ্রাপ্তি সহজ করতে পারে বলে মনে করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা ও বিচার কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দরিদ্র ও নারী-শিশুদের বিচারপ্রাপ্তি সহজ করতে পারে বলে মনে করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। শুক্রবার এক কর্মশালায় তিনি বলেন, “মামলা ব্যবস্থাপনা ও আদালত কার্যক্রম পরিচালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার দরিদ্র ও নারী-শিশুদের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানি এবং মামলা পরিচালনার খরচ দুটোই কমিয়ে আনবে।” ২০১২ সাল পর্যন্ত সর্বোচ্চ আদালত ও ট্রাইব্যুনালগুলোতে প্রায় ২০ লাখ ৩২ হাজার ৪৬টি মামলা জমে থাকার বিষয়টিকে বিচার বিভাগের লক্ষ্য অর্জনের পথে একটি বড় বাধা হিসাবে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “বিচার বিভাগের গুণগত কিংবা সংখ্যাবাচক- যে কোনো ধরনের পরিবর্তন আনতে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে তথ্য-প্রযুক্তি ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।” মামলা ব্যবস্থাপনা ও আদালত কার্যক্রম পরিচালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ে বিচারকদের জন্য আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে সুপ্রিম কোর্ট মিলনায়তনে দুদিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন তিনি। প্রথম দিনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই কর্মশালায় অংশ নেন। দ্বিতীয় দিন অংশ নেবেন ঢাকা জজ কোর্ট ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত নিন্ম আদালতের বিচারকরা। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার সম্প্রতি চালু হওয়া ‘জুডিশিয়াল স্ট্রেংদেনিং (জেইউএসটি)’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “এ প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তির ব্যবহার দেশের উচ্চ আদালতের সক্ষমতা বৃদ্ধি করছে।” এছাড়া ঢাকা, কিশোরগঞ্জ ও রাঙামাটির নিু আদালতে পরীক্ষামূলকভাবে ‘ই-জাস্টিস’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই অঞ্চলগুলোতে গত বছর থেকে বিচারপ্রার্থীরা কম সময় ও খরচে মোবাইল ফোনের মাধ্যমে মামলার সর্বশেষ অবস্থা জানতে পারছেন। অন্যদের মধ্যে বিচারপতি নাজমুন আরা সুলতানা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/জেকে/২২৪০ ঘ.