কক্সবাজার, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলালায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এক বৃদ্ধ খুন হয়েছেন। আহত হন সাতজন।
কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পাশে নন-রেজিস্টার্ড ক্যাম্পে বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত নাজমুল হককে (৭০) কুপিয়ে হত্যা করে।
আহত নন-রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্প কমিটির চেয়ারম্যান আবু সিদ্দিক (৪৭), রাহানা বেগম (২৫), হাজারা খাতুনসহ (৬০) বাকিদের ক্যাম্প হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চার বছর ধরে ওই ক্যাম্পে থাকা নাজমুল হক ‘নন-রেজিস্টার্ড’ রোহিঙ্গা শরণার্থী। তার ছেলে মোহাম্মদ রাকিব (৩২) এই ক্যাম্প কমিটির সাধারণ সম্পাদক।
রাকিব সাংবাদিকদের বলেন, কিছুদিন ধরে ক্যাম্পের কমিটি নিয়ে কয়েকজন রোহিঙ্গার মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরেই গভীর রাতে সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্র নিয়ে ক্যাম্পে হামলা চালায়।
উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা ক্যাম্পে ঢুকে লোকজনের উপর হামলা চালায়। ক্যাম্পের হাসপাতালে নেওয়ার পর নাজমুল হকের মৃত্যু হয়।
ওসি আরো জানান, লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৪ ঘ.
bdnews24