মাদারীপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর মাওয়া-কাওরাকান্দি নৌরুটে দু’টি স্পিডবোটডুবির ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে দুইজন।
শুক্রবার বিকালে উদ্ধার এই তিনজন হলেন বরিশালের শহিদুল ইসলাম পলাশ (২৫), নরসিংদী শহরের নৃপেন দত্ত (৪০) ও সজীব বিশ্বাস (২৬)।
নিখোঁজ দু’জন হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুন খন্দকার এবং নড়াইলের আকবর।
বৃহস্পতিবার রাতে ঝড়ে পদ্মা নদীতে ওই দু’টি স্পিডবোট ডুবে গেলে পাঁচজন নিখোঁজ হয়।
কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৯টার দিকে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পদ্মায় দুটি স্পিডবোট ডুবে ২৮ যাত্রী পানিতে পড়ে যায়। ২৩ জন সাঁতরে তীরে ওঠে এবং পাঁচজন নিখোঁজ থাকে।
মাদারীপুরের শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদ আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে দু’জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24