২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরইয়ের বস্তায় পৌনে ৩ লাখ ইয়াবা

র‌্যাবের দাবি, এটাই এ পর্যন্ত উদ্ধার করা ইয়াবার সবচেয়ে বড় চালান। আটক ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

লিটন হায়দার ও মিন্টু চৌধুরী ঢাকা/চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে শুক্রবার ভোরে নেশার ট্যাবলেট ইয়াবার একটি বড় চালান আটক করেছে র‌্যাব, যাকে এখন পর্যন্ত উদ্ধার করা সবচেয়ে বড় চালান বলে দাবি করেছে তারা। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসাদগঞ্জ মসজিদের সামনে একটি কভার্ড ভ্যান থেকে বরইয়ের বস্তা নামিয়ে গুদামে রাখার সময় বিশেষ সংকেত লেখা বস্তায় এই ২ লাখ ৭০ হাজার ইয়াবা পাওয়া হয়। র‌্যাব-১ ও র‌্যাব-৭ যৌথভাবে এই অভিযান চালায়। মিয়ানমার থেকে বৃহস্পতিবার রাতে চালানটি বাংলাদেশে আসে জানিয়ে তিনি বলেন. “এখন পর্যন্ত আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান এটাই। আটক ইয়াবার বাজারদর ৯ থেকে ১০ কোটি টাকা।” এর আগে ২০০৬ সালে ঢাকার গুলশান থেকে সোয়া ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল র‌্যাব। র‌্যাব ৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারওয়ার জানান, ইয়াবা আটকের ঘটনায় ওই গুদামের দায়িত্বে থাকা আবদুর রশীদ (৫০), তার শ্যালক আতাউল করিম (২৮), রশিদের প্রধান সহকারী সাব্বির আহমেদ (৩০) ও মো. ইসমাইলকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ বাংলাদেশের অন্যতম শীর্ষ মাদক চোরাচালানকারী। তার বাড়ি টেকনাফের শাহ পরীর দ্বীপে। তবে চট্টগ্রামের হালিশহরে একটি বাড়িতে তিনি থাকতেন। র‌্যাব কর্মকর্তারা জানান, রশিদ আসাদগঞ্জের ওই গুদামটি ভাড়া নেন এর মূল মালিক পটিয়ার আবদুল মালেক চৌধুরীর কাছ থেকে। ইয়াবা উদ্ধার প্রসঙ্গে জানতে চাইলে আবদুল মালেকের ছেলে নুরুর রশীদ চৌধুরী এজাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসাদগঞ্জে আমার বাবার একটি গুদাম থাকলেও সেটি আরেকজনকে ভাড়া দেওয়া হয়েছে। ইয়াবা উদ্ধার বা এ বিষয়ে আমরা কিছু জানি না।” টেকনাফ থেকে চট্টগ্রাম র‌্যাবের এম সোহোয়েল জানান, কয়েকদিন আগে সরকারের একটি গোয়েন্দা সংস্থা খবর দেয়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক দেশে আসছে। তাদের তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে র‌্যাবের একটি গোয়েন্দা দল চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় চারদিন ধরে অভিযান চালায়। র‌্যাবের গোয়েন্দারা জানতে পারেন, মিয়ানমার থেকে বরইয়ের বস্তার সঙ্গে ইয়াবার চালানটি আনা হচ্ছে। এরপর র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর একটি যৌথ দলের সঙ্গে মিলে কক্সবাজারের টেকনাফ থেকে চালানটি অনুসরণ করতে শুরু করেন তারা। টেকনাফ থেকে চালানটি চট্টগ্রামে আনা হয় একটি কভার্ড ভ্যানে করে। শুক্রবার ভোর রাতে আসাদগঞ্জে আবদুর রশিদের ভাড়া নেওয়া গোডাউনে বড়ইয়ের বস্তা নামানোর সময় সেখানে অভিযান চালান র‌্যাব সদস্যরা। সোহায়েল জানান, কভার্ড ভ্যান থেকে নামনো ১৭টি বস্তার ১৪টির মধ্যে বিভিন্ন প্যাকেটে ওই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে দুই হাজার করে ট্যাবলেট ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকারের উপস্থিতিতে গুণে দেখা যায়, প্রায় পৌনে তিন লাখ ইয়াবা রয়েছে এই চালানে। র‌্যাব কমান্ডার এম সোহায়েল জানান, আবদুর রশিদ গত মার্চে আড়াই লাখ ইয়াবার আরেকটি চালান টেকনাফ থেকে নিয়ে আসে। পরে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। সপ্তাহ দুই পর আরো একটি চালান আসার কথা ছিল বলেও উল্লেখ করেন সোহায়েল। ‘সংকেত: কে কে’ কাভার্ড ভ্যান থেকে আসাদগঞ্জের গোডাউনে নামানো ১৭টি বস্তার মধ্যে যে ১৪টিতে ইয়াবা ছিল- সেগুলোর ওপর ইংরেজিতে লেখা ছিল ‘কে কে’। বস্তার ভেতরে শুকনো বরইয়ের সাথে নীল রংয়ের প্যাকেটে রাখা ছিল ইয়াবা ট্যাবলেটগুলো। র‌্যাব সদস্যরা জানান, মাদক কারবারীরা ইয়াবার চালানের ক্ষেত্রে সংকেত হিসাবে ‘কে কে’ ব্যবহার করে থাকে। গ্রেপ্তার হওয়া গুদাম কর্মচারী সাব্বির সাংবাদিকদের বলেন, ভোর রাতে কভার্ড ভ্যান থেকে বস্তা নামার পর রশিদ তাকে ‘কে কে’ লেখা বস্তার ভেতর থেকে প্যাকেটগুলো আলাদা করতে বলেন। পরে একজন এসে সেগুলো নিয়ে যাবে বলেও তাকে জানানো হয়। প্যাকেটগুলো আলাদা করার সময়ই সেখানে হানা দেয় র‌্যাব সদস্যরা। র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাব্বির এই গুদামের কর্মচারী হলেও মূলত তার কাজ ছিল খুচরা ব্যবসায়ীদের কাছে ইয়াবা সরবরাহ করা।” কে এই রশিদ র‌্যাব কর্মকর্তারা বলছেন, কক্সবাজারের শাহ পরীর দ্বীপের আবদুর রশিদ ওরফে খুলুই চট্টগ্রামে ইয়াবার কারবারের অন্যতম নিয়ন্ত্রক। মিয়ানমার থেকে নিয়ে আসার পর ৭ থেকে ৮ জন সহযোগীর মাধ্যমে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন তিনি। এম সোহায়েল সাংবাদিকদের বলেন, রশিদের সঙ্গে মিয়ানমারের মাদক ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ রয়েছে। ১০ থেকে ১২টি চোরাকারবারি দল এভাবে মিয়ানমার থেকে মাদক পাচারে জড়িত। আর মাদকের চালান সীমান্ত পার করে আনা নেওয়ার ক্ষেত্রে কক্সবাজারে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের ব্যবহার করা হয় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমসি/এসইউ/জেকে/১৭৪০ ঘ.