পটুয়াখালী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র ডিএডি মো. বেলাল হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে লঞ্চ টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সুজন মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লন্তাখোলা এলাকার আব্দুল খালেকের ছেলে।
মো. বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে সৈকত-১ লঞ্চে অস্ত্র ও গুলিসহ এক যাত্রী পটুয়াখালীতে রওনা হয় বলে গোপন খবর পাওয়া যায়।
“শুক্রবার সকালে র্যাবের একটি দল পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে চামড়ার হাতব্যাগের মধ্যে বহনকরা বন্দুক ও গুলিসহ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।”
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, পটুয়াখালী শহরে অথবা বাউফল পৌরসভা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাকে ভাড়া করা হয়েছিল।
সুজন অস্ত্র ব্যবসায় জড়িত এবং ভাড়ায় খুন করার কাজে পারদর্শী বলে পুলিশ ধারণা করছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৩৪২ ঘ.
bdnews24