বাগেরহাট, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বীজধান ও সার আত্মসাতের অভিযোগে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার রাতে গ্রেপ্তার হওয়া কৃষি কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদারকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল কুদ্দুস হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পাতাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
আউশ প্রণোদনা প্রকল্পের আওতায় ১২ জন কৃষকের নামে বরাদ্দ করা বীজধান ও সার উত্তোলনের পর বিতরণ না করে আত্মসাতের চেষ্টা করার অভিযোগে বুধবার সন্ধ্যায় বীজধান ও সারসহ দৈবজ্ঞহাটি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির বাদী হয়ে একটি মামলা করেন।
শহীদুল ইসলাম ফকির জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কুদ্দুস গত রোববার ইউনিয়নের পঁচিশ জন কৃষকের নামে বরাদ্দকৃত তিন প্রকারের সার ও দুই প্রকারের বীজধান উত্তোলন করেন।
“এর মধ্যে ১৩ জন কৃষককে তাদের প্রাপ্য বিতরণের পর বাকি ১২ জনের প্রাপ্য তিনি কাউকে না জানিয়ে কালিকাবাড়ি বাজারে নিজের সার ও কীটনাশক বিক্রির দোকানে এনে রাখেন। বুধবার সন্ধ্যায় তিনি নসিমনে করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় দৈবজ্ঞহাটি কলেজের সামনে থেকে এসব বীজ ও সারসহ তাকে গ্রেপ্তার করা হয়।”
অবশ্য আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে আব্দুল কুদ্দুস। তিনি দাবি কেরন, সার ও বীজ দৈবজ্ঞহাটি আনার পথে ভ্যানরিকশা নষ্ট হয়ে যাওয়ায় তিনি সেগুলো তার দোকানে রেখেছিলেন। বুধবার সন্ধ্যায় বিতরণের জন্য দৈবজ্ঞহাটি নেওয়ার পথে তাকে আটক করা হয়।
মোরেলগঞ্জের পোলেরহাট ফাঁড়ির উপ-পরিদর্শক তাজ উদ্দিন জানান, আট বস্তা ইউরিয়া, ফসফেট ও পটাস সার এবং নয় ব্যাগ আউশ ও বোনা আমন ধানের বীজসহ কুদ্দুস হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৮৩৭ ঘ.
bdnews24