ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ‘সমুদ্র বিজয়’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হয়। ৪টার কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
বিকেল সোয়া ৪টার দিকে শেখ হাসিনার হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মাসহ পরিবারের প্রায় সব সদস্যকে হারানোর পাঁচ বছর নয় মাস পর ১৯৮১ সালের এই দিনে ফেরেন বঙ্গবন্ধু কন্যা হাসিনা। এ ছাড়া গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়, যাকে ‘সমুদ্র জয়’ বলে অভিহিত করে ক্ষমতাসীন দল।
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী যোগ দিয়েছেন। সকাল থেকেই অনুষ্ঠানস্থল ছিল তাদের পদভারে মুখরিত।
বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে আসন নেন। অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংসদ আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মূসা ইব্রাহিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ, ফুটবলার জাহিদ হাসান এমিলি মঞ্চে রয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিদ্দিকী নাজমুল আলম।
এর শেখ হাসিনাকে ‘সমুদ্র জয়ের কর্ণধার’ আখ্যা দিয়ে ছাত্রলীগের আগে যুব সংগ্রাম পরিষদ এবং নাগরিক কমিটি গণসংবর্ধনা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৬৫২ ঘ.
bdnews24