২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল

তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চট্টগ্রামে পালিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চট্টগ্রামে পালিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল। সকাল থেকে হরতালে নগরীতে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা ছাড়া অন্য কোন ভারি যানবাহন চলতে দেখা যায়নি। তবে বহদ্দারহাট বিমানবন্দর সড়কে দু-একটি বাস-ট্রাকসহ অন্যান্য ভারি যানবাহন চলাচল করতে দেখা গেছে। নগর থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও স্বাভাবিক রয়েছে ট্রেন ও বিমান চলাচল। এ ছাড়া নগরীর অধিকাংশ সাধারণ অফিস, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে সীমিত আকারে কার্যক্রম চলেছে। নিয়মিত গতিতে কাজ হয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (সিইপিজেড) নগরের বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে। হরতালের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল অঘোষিত ছুটি। কোনো কোনো স্কুলে শিক্ষকরা গেলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নগরীর বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকলেও ব্যসায়ীরা জানিয়েছেন, হরতালের কারণে বেচাকেনা কম। এদিকে সকাল ৯টায় নগরের নাসিমন ভবন বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল নেতাকর্মী অবস্থান নেয়। পুলিশের উপস্থিতির কারণে তারা মিছিল বা সমাবেশ করতে পারেননি। এর বাইরে নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ অধিকাংশ শীর্ষনেতাদের কাউকেই বৃহস্পতিবার রাজপথে দেখা যায়নি। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠায় আদালত। এর প্রতিবাদেই বৃহস্পতিবার সারাদেশে এ হরতাল করছে ১৮ দলীয় জোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/এএল/১৬০৬ ঘ.