২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম ওয়েজ বোর্ডে নীতিগত সম্মত সংবাদপত্র মালিকরা

অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সংবাদপত্র মালিকদের একটি সংগঠন নোয়াব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সংবাদপত্র মালিকদের একটি সংগঠন নোয়াব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার রাতে গণভবনে এক বৈঠকে নোয়াব সদস্যরা অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার বিষয়ে সম্মত হয়। এর একদিন আগেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অষ্টম বেতন বোর্ড গঠনের আহ্বান জানান। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (নোয়াব) সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “ওয়েজ বোর্ডের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন তারা।” “সংবাদপত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি ৭৭ শতাংশ বাংলাদেশির সমর্থনের বিষয়টি একটি জরিপে উঠে আসায় এবং সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীকে নোয়াব সদস্যরা অভিনন্দন জানান। রাত পৌনে ৮টা থেকে দেড় ঘণ্টার এই বৈঠকে সংবাদপত্র শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নোয়াব সদস্যরা। প্রধানমন্ত্রীও তাদের কথা শোনেন। বৈঠকে ছিলেন নোয়াবের সভাপতি ও ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, সংবাদের সম্পাদক আলতামাস কবির, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ। বৈঠকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০০০ ঘ.