২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটানোর পর হত্যার হুমকি আইনজীবীকে

তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে যাওয়ার পর এবার সন্ত্রাসীরা এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের এক আইনজীবী, যিনি ঢাকার আদালতেও মামলা পরিচালনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে যাওয়ার পর এবার সন্ত্রাসীরা এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের এক আইনজীবী, যিনি ঢাকার আদালতেও মামলা পরিচালনা করেন। মোহাম্মদ রুহুল আমিন নামে ওই আইনজীবীর অভিযোগ, তুলে নিয়ে পেটানোর ঘটনায় মামলা করায় তাকে একই সন্ত্রাসীরা হত্যার হুমকি দিচ্ছে। রুহুল আমিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীদের ভয়ে তিনি নিজের বাড়ি মদনপুরের সুখেরটেকে যেতে পারছেন না। এমনকি নারায়ণগঞ্জ আদালতে যেতেও ভয় পাচ্ছেন। তিনি জানান, গত ১৮ মার্চ সোনারগাঁও এলাকার রাসেল এবং মহসীনের নেতৃত্বে সন্ত্রাসীরা মারধরের পর ললাটি গ্রামে তাকে ফেলে যায়। এরপর তিনি মামলা করেন। তবে হামলাকারীদের সঙ্গে সখ্য থাকায় সোনারগাঁও থানার পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আইনজীবীর এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সন্ত্রাসী চক্রের অনেক সদস্যকে ইতোপূর্বে পুলিশ গ্রেপ্তার করেছিল। তারা জামিন নিয়ে বেরিয়ে এসেছে। তবে সন্ত্রাসী দলের হামলার শিকার হওয়ার জন্য আইনজীবী রুহুল আমিনের ‘নির্বুদ্ধিতাকে’ দায়ী করে ওসি বলেন, “একজন আইনজীবী হওয়া সত্ত্বেও জীবনযাপনের সঠিক কৌশল তিনি জানেন না। নির্বুদ্ধিতার কারণেই তিনি বিপদে পড়েছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৪৫ ঘ.