ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কারো সঙ্গে বৈরিতা চাই না। প্রতিবেশীদের সঙ্গে সমস্যা থাকতেই পারে। আমরা আলোচনার মাধ্যমে তার সমাধান চাই। অর্থনৈতিক উন্নয়ন করতে হলে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।”
বক্তব্যে শেখ হাসিনা মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্জনের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “দক্ষতার সঙ্গে কাজ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে সক্ষম হয়েছে।”
বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ওপর বিশেষ নজর দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, “মনে রাখবেন- এই শ্রমিকদের অর্থ দিয়েই আপনাদের বেতন হয়। প্রবাসীদের যেনো কোনো অসুবিধা না হয়। তাদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতিতে বিশাল অবদান রাখে।”
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, তার মন্ত্রণালয়ই এ সব সমস্যার সমাধান করতে পারবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।
এর আগে সকাল ১১টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাকে অভ্যর্থনা জানান। শুরুতেই মন্ত্রণালয়ের নিচ তলায় বঙ্গবন্ধুর বিদেশ সফরের বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে ফখরুদ্দিন মেমোরিয়াল হলে বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা ছবি দেখেন তিনি।
এরপর বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। পরে মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসেন তিনি।
দুপুরে মন্ত্রণালয়ের বাগানে একটি বকুল গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ১১ বছর আগে ২০০১ সালের মে মাসে সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৩৮ ঘ.
bdnews24