ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর সরকারি বাঙলা কলেজের জমি দখল করেছেন কি না, তা তদন্ত করতে বলেছে হাই কোর্ট।
আদালতের তলবে বুধবার আসলাম হাজির হওয়ার পর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। কমিটিতে আইন সচিব মনোনীত একজন উপ-সচিবও (আইন মন্ত্রণালয়ের) থাকবেন।
আগামী ১৫ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।
গত ৫ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘বাঙলা কলেজের চার বিঘা জমি এমপি আসলামের দখলে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ৯ মে একটি রিট আবেদন করে। ওইদিন শুনানি শেষে আসলামকে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।
১৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে হাই কোর্ট বেঞ্চ ওইদিন সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রতিবেদক মতিন আব্দুল্লাহ এবং বাংলা কলেজের অধ্যক্ষকে আদালতে আসতে বলেছে। একই সঙ্গে আসলামকে হাজির থাকতে বলা হয়েছে।
আদালতে আসলামের পক্ষে শুনানি করেন আব্দুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন ও ফজিলাতুন্নেসা বাপ্পী। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
হাই কোর্ট এদিন একটি রুলও জারি করেছে।
আসলামের অবৈধ দখলে থাকা সরকারি বাঙলা কলেজের জমি রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই জমি পুনরুদ্ধারের নির্দেশনা কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।
স্বরাষ্ট্র সচিব, ভূমি সচিব, শিক্ষা সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আসলামুল হক, বাংলা কলেজের অধ্যক্ষ ও মিরপুর থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
এছাড়া ঢাকা জেলা প্রশাসককে দেওয়া এক নির্দেশনায় আদালত বলেছে, একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ওই জমিতে জরিপ চালাতে হবে। জরিপ শেষে ১৬ মের মধ্যে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দিতে হবে।
‘আদালত কোনো দলের কথায় চলে না’
শুনানির এক পর্যায়ে আদালত বলে, “অনেক সময় কথা উঠে, আমাদের এখানে একজন সম্মানিত আইনজীবী রয়েছেন, বিচারপতি টিএইচ খান। তিনি দেখছেন আদালত সরকারের কথায় চলে না।”
আদালত আরো বলে, আমরা সরকারি দলের একজন এমপিকে তলব করেছি। আমরা কোনো দলের কথা মতো চলি বা তাদের ফেভার করি, সেটা ঠিক নয়। এটা তারই প্রমাণ।”
আব্দুল মতিন খসরু বলেন, ওই জমি নিয়ে ২০১০ সালে একটি বিতর্ক হয়েছিল। তখন জেলা প্রশাসক একটি তদন্ত করেছেন। সেই তদন্তে দেখা গেছে, আসলামুল হক কোনো জমি দখল করেননি।
তখন আদালত বলে, “জেলা প্রশাসকের ঘাড়ে মাথা একটা, ১০টা নয়। ক্ষমতাসীন দলের একজন এমপির বিরুদ্ধে রিপোর্ট দেবে কীভাবে?”
তবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা আদালত দেখবে বলে বিচারকরা আশ্বাস দেন।
‘প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
কোনো জমি দখল করেননি দাবি করে আওয়ামী লীগ সংসদ সদস্য আসলামুল সাংবাদিকদের বলেন, এক শতাংশ জমি দখলের অভিযোগও প্রমাণ করতে পারলে এমপি পদ ও রাজনীতি ছেড়ে দেব।
তিনি আদালতে বলেন, “ঢাকা-১৪ আসনের কেউ যদি প্রমাণ করতে পারে, এক শতাংশ জমি দখল করেছি, তাহলে আমি রাজনীতি করব না, এমপি পদ ছেড়ে দেব।”
পত্রিকার প্রতিবেদনের কারণে রাজনৈতিক ‘ক্যারিয়ার’ শেষ হয়ে গেছে দাবি করে আসলাম বলেন, “আমি এর সুবিচার চাই। এর যথাযথ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রয়োজনে আমি সে সময় দেশেও থাকব।”
তখন আদালত বলে, “শেষ হয়ে যায়নি। বিষয়টি আমাদের নজরে এসেছে। আপনি নির্দোষ হলে ছাড়া পাবেন। তখন ঠিক হয়ে যাবে।”
কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, আসলামুল হক সরকারি বাঙলা কলেজের প্রায় চার বিঘা জমি নিজ কোম্পানি মায়িশা গ্রুপের নামে দখলে নিয়েছেন। এতে কলেজের অধ্যক্ষ ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সহযোগিতা করছেন।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/২৩১৫ ঘ.
bdnews24