২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা

শাহবাগে বাধা পেয়ে শহীদ মিনারে ফিরেছেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার দুপুরের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়া না পেলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকরা পুলিশের বাধার মুখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারেননি। মঙ্গলবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হলে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। শিক্ষক নেতারা জানিয়েছেন, শহীদ মিনারে বুধবার দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করবেন। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মনছুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার দুপুরের মধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে ইতিবাচক সাড়া না পেলে নতুন কর্মসূচি দেওয়া হবে। পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে বেলা ১২টার দিকে শিক্ষকরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হন। মিছিলটি শাহবাগ মোড়ের কাছে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি জলকামান থেকে রঙিন পানি ছোড়ে। পুলিশের লাঠিপেটায় ছয় শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষকরা। এ ছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ চার জনকে ধরে নিয়ে গেছে। আহত শিক্ষকরা হলেন, শহীদ মিয়া (৪৫), ইদ্দ্রিস আলী (৫৬), কে এম মেজবাউর রহমান (৪৫), নুর মোহাম্মদ পাটোয়ারী (৫৮), মনছুর আলী (৫২) ও ওমর ফারুক (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এ সময় রাস্তা ছেড়ে দিতে বললে শিক্ষকরা পুলিশের ওপর হামলা চালায়। আটক চার শিক্ষককে সন্ধ্যায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। সন্ধ্যায় পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনরত শিক্ষকরা সরে গেছেন। সোমবার দুপুর থেকেই আন্দোলনরত কয়েক হাজার শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এমআই/১৯৪৩ ঘ.