গাজীপুর, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেশার টাকা না পেয়ে গাজীপুরে এক যুবক তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে চকপাড়া ভাঙ্গানাইল এলাকায় নিজের বাড়িতেই খুন হন শ্রীপুরে শমশের আলীর স্ত্রী সখিনা বেগম (৬০)।
হত্যার অভিযোগে তার একমাত্র ছেলে রুহুল আমিনকে (৪০) এ রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে খুনের দায় অস্বীকার করে রুহুল পুলিশের কাছে দাবি করেছেন- অন্য কেউ তার মাকে হত্যা করেছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে নেশার টাকা না পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে রুহুল তার মায়ের কাঁধে ও গলায় কোপ দেয়।
পরে এলাকাবাসী সখিনাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
ঘটনার পর রুহুলকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সন্তানদের নিয়ে রুহুলের স্ত্রী পালিয়ে গেছে বলেও জানান ওসি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদি হয়ে এ ঘটনায় মামলা করেছেন।
এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেশার টাকার জন্য রুহুল বিভিন্ন সময় তার মাকে মারধর করতো বলে প্রতিবেশীরা পুলিশকে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০১ ঘ.
bdnews24