২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু পরিবারের ৭ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের সাত ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

সিরাজগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের সাত ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার শিশু পরিবার পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহার আদেশ পাওয়ার পর ছাত্ররা ফিরতে শুরু করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আলাউদ্দিন খান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের হল রুমে শিশু পরিবার পরিচালনা কমিটির সভায় জেলা প্রশাসক এবং কমিটির সভাপতি আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সাত ছাত্রের বহিষ্কারাদেশ সাময়িক প্রত্যাহারের সিদ্বান্ত হয়। তিনি বলেন, সকালে আরিফ হোসেন, নুরুন্নবী হোসেন, ইব্রাহিম হোসেন ও গোলাম রব্বানী শিশু পরিবারের ফিরে এসেছে। বাকি আমারুল ইসলাম, আল-মাহমুদ, হান্নান মিয়াও আসবে। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আবারো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মামলায় জেলহাজতে থাকা ১০ শ্রেণির ছাত্র মফিজ উদ্দিনের ব্যাপারে উপ-তত্ত্বাবধায় আরো বলেন, “মফিজ উদ্দিনের জামিনের জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি। সে জামিনে মুক্ত হলে তার বিষয়েও সভা করে সিদ্বান্ত নেওয়া হবে।” গত ৫ মে শিশু পরিবারের ১০ম শ্রেণির ছাত্র মফিজ উদ্দিন ও শরিফুল ইসলামের মধ্যে মারামারির ঘটনায় ওই দিনই মফিজকে বহিষ্কার করা হয়। পরদিন সকালে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও সরকারি শিশু পরিবারে নানা অনিয়মের অভিযোগে ছাত্ররা খাওয়া বর্জন করে প্রতিবাদ করতে থাকে। ওই সময় পুলিশসহ ঘটনাস্থলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম যান। এরপর সাত ছাত্রকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয়। বিকালে ৭ জনের মধ্যে ৬ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু বহি®কৃত মফিজ উদ্দিনের বিরুদ্ধে শিশু পরিবারের সুপারিনটেনডেন্ট আলাউদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিনই আরো সাত ছাত্রকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.