মাগুরা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে রাস্তায় ধান উড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঘি ইউনিয়নের মাঝগ্রামে সোমবার এ হামলায় নিহত ইবাদুল মাতবর (৫০) ওই গ্রামের বাসিন্দা।
ইবাদুলের চাচাতো ভাই আব্দুল ওয়াহাব ও জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ওই গ্রামের আকামত মিয়ার বাড়ির পাশে রাস্তায় মহিলা শ্রমিকরা তার ধান উড়াচ্ছিল। এতে কয়েকজন পথচারী বাধা দিলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জেরে বিকাল সাড়ে ৫টার দিকে একপক্ষের সমর্থনে ইবাদুল মাতবর কথা বলতে গেলে আকামত ও আতিয়ার রহমানসহ কয়েকজন ইবাদুল মাতবরকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুল ওয়াহাব আরো বলেন, ইবাদুল মাতবরের সঙ্গে আকামত ও আতিয়ার রহমানের পূর্ব বিরোধ ছিল।
সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১৩২ ঘ.
bdnews24