ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কলেজ থেকে জিগাতলা মোড় পর্যন্ত সড়কটিকে সাংবাদিক বিভাস চন্দ্র সাহার নামে নামকরণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। দুর্ঘটনাস্থলে তার আবক্ষ মূর্তি স্থাপনেরও দাবি তাদের।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণসভায় ক্ষুব্ধ সাংবাদিকরা নানা দাবির পাশাপাশি করেছেন বিভাসের স্মৃতিচারণ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সফিকুল করিম সাবু বলেন, বিভাস ছিলেন অসম্ভব ভালো একজন মানুষ।
তাকে হারানোর ক্ষতি পূরণ সম্ভব নয়। তবে তার স্ত্রীকে যাতে কারো দয়ায় না থাকতে হয় সে ব্যবস্থা করতে হবে।
শুক্রবার বাসচাপায় নিহত হন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস।
ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক শাহেদ সিদ্দিকী বিভাসকে নির্ভীক সাংবাদিক বলে অভিহিত করেন। সাংবাদিক নজরুল ইসলাম মিঠু দুর্ঘটনাস্থলে বিভাসের আবক্ষ মূর্তি স্থাপনের দাবি জানান।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, বিভাস ছিলেন মুক্ত মনের ভালো মানুষ। সবার সাথে হাসিমুখে কথা বলতেন। সড়কের নামকরণের ব্যাপারে ডিসিসির কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।
সকাল ১১টায় শুরু হওয়া স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
সাগর-রুনি হত্যা নিয়ে বিভিন্ন ব্লগের লেখা নিয়েও মন্তব্য করেন তিনি।
বাদশা বলেন, ব্লগে লেখাগুলোকে ইতিবাচক হিসেবেই নেই আমরা। এসব লেখা আমাদের উপর চাপ বজায় রাখে। তবে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ব্লগ ও ফেইসবুকে সমালোচনা না করে রাজপথে নেমে আসুন। রাজপথে না নামলে খুনি ধরা পড়বে না।
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ বলেন, সড়ক থেকে অবৈধ যানবাহন তুলে দিলে সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নেমে আসবে।
এদিকে ক্রাইম রিপোর্টারদের সংগঠন ক্র্যাব প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কুশপুতুল পোড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এএসটি/এএল/২১১৬ ঘ.
bdnews24