বগুড়া, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া পৌরসভার কাউন্সিলর ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. ইব্রাহিম হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
শহরের রেল কলোনির আম বাগান এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার এবং সোমবার ভোরে ইব্রাহিমের বাসা থেকে অস্ত্র, গুলিসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার অপর দু’জন হলেন মো. নাফিজ ইফতেখার অন্তু (২৮) ও মো. কায়জার আহম্মেদ রাহাদ (২৮)।
র্যাব- ১২ বগুড়া বিশেষ কোম্পানির সিনিয়র এএসপি সুমিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বেচ্ছাসেবক লীগের শহর কমিটির সাবেক আহ্বায়ক ইব্রাহিম হোসেন ওরফে পাগলা ইব্রাহিমের সেউজগাড়ী পালপাড়ার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এছাড়া চারটি রেললাইনের কাটা টুকরা, ২০টি বে−ড, একটি হেক্সো মেশিন ও একটি প্লায়ার্স উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের তালিকায় ইব্রাহিম পাগলা একজন শীর্ষ সন্ত্রাসী। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত বিস্ফোরক, ছিনতাই, দখল, চাঁদাবজি, নারী নির্যাতন ও মারধরের অভিযোগে থানায় তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা হয়েছে।”
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলার সভাপতি আসাদুর রহমান দুলু বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বেশ কিছুদিন আগে সংগঠনের শহর কমিটির আহ্বায়কের পদ থেকে পাগলা ইব্রাহিমকে অব্যাহতি দেওয়া হয়।
“এছাড়া ২০১২ সালের ৩ মে তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হলে দল থেকেও বহিষ্কার করা হয়,” বলেন দুলু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৩ ঘ.
bdnews24