ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি জাতীয়করণ না হলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।
সোমবার বেলা ১২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সমাবেশ করে বেসরকারি শিক্ষকরা ।
সমাবেশে ঐক্য পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নিলে আমরা সমস্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হবো।”
দাবি পূরণ না হলে বিকাল ৫টায় একই স্থানে অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
সদস্য-সচিব আব্দুর রহমান বাচ্চু বলেন, “সরকারি শিক্ষকদের সমান কাজ করে আমরা তাদের প্রায় অর্ধেক বেতন পাই। এ বেতনে আমদের সংসার ১০ দিনও চলে না। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের দাবি যেন মেনে নেওয়া হয়।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঐক্য পরিষদের কো-চেয়ারম্যন শেখ আব্দুস সালাম মিয়া, যুগ্ম সদস্য সচিব মাহবুবুল আলম, নাসির উদ্দিন, প্রভাত রঞ্জন বিশ্বাস, নুর মোহাম্মদ পাটোয়ারি, শওকত আলী, কাজল সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৭১০ ঘ.
bdnews24