ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালালে সর্বোচ্চ সাত বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে সমবায় সমিতি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
ডেসটিনিসহ বিভিন্ন মাল্টিপারপাস সোসাইটির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগের মধ্যেই সোমবার মন্ত্রিসভা এই অনুমোদন দিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে সংশোধনী প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর আইনের খসড়াটি পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে।
প্রস্তাবিত ও অনুমোদিত সংশোধনীতে সমবায় অধিদপ্তরের প্রধানের পদটির নাম পরিবর্তন করে ‘নিবন্ধকে’র পরিবর্তে ‘মহাপরিচালক’ করা হয়েছে। তবে এরপরও তিনি বিভিন্ন সমিতি নিবন্ধনের জন্য নিবন্ধকের ক্ষমতা পাবেন।
আইন পাস হলে সমবায় অধিদপ্তরের জনবল কাঠামোও পুনর্বিন্যস্ত করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সমবায় সমিতি আইনে নিবন্ধিত প্রতিষ্ঠান পরিচালনায় মাইক্রোক্রেডিট আইন এবং ব্যাংক কোম্পানি আইনের প্রয়োগ করা যাবে না। এ ধরনের প্রয়োগ আইনের ব্যত্যয় বলে বিবেচিত হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমবায় সমিতিগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।
“সমিতি শুধু তাদের সদস্যদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারবে। কোন অসদস্যের কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে না।”
সচিব বলেন, অনুমোদন না নিয়ে ব্যাংকিং কার্যক্রম চালানো এবং সমবায় ব্যাংক ছাড়া কোনো সমিতির শাখা খোলা হলে আইনের লঙ্ঘন হবে। এতে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা। বিদ্যমান আইনে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার বিধান ছিল।
এমএলএম কোম্পানিগুলোর অবৈধ ব্যাংকিংয়ের কারণেই আইনটি দ্রুত সংশোধন করা হচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিষয়টি এমন নয়। আইনের খসড়াটি গত বছরের মার্চে এসেছে। এতোদিন বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ হচ্ছিল। তবে মন্ত্রিসভার আলোচনায় ডেসটিনির বিষয়টিও এসেছে।”
বঙ্গোপসাগরের ভূতাত্ত্বিক উপাত্ত ব্যবহার
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে বঙ্গোপসাগরের সা¤প্রতিক ভূতাত্ত্বিক জরিপে পাওয়া তথ্য-উপাত্ত সংরক্ষণ ও ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়। নেদারল্যান্ডসের অর্থ সহায়তায় বাংলাদেশ সরকার এ জরিপ করেছে।
পেট্রোবাংলাকে এসব তথ্য ও উপাত্ত সংরক্ষণে দায়িত্ব দেওয়া হয়েছে।
সচিব বলেন, এসব গোপনীয় তথ্য ও উপাত্ত সমুদ্র তলদেশের সম্পদ অনুসন্ধান এবং একাডেমিক গবেষণার কাজে ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে রাষ্ট্রীয় গোপনীয়তার নীতি নিশ্চিত করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৩০ঘ.
bdnews24