২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষ: ৬ মামলায় আসামি আড়াই হাজার

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে। কোতয়ালী থানার চারটি এবং খুলশীর একটি মামলায় পুলিশই বাদি হয়েছে। আর আমীন সেন্টার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সত্য তলাপাত্র বাদি হয়ে আরেকটি মামলা করেছেন। রোববার বিকালে নগরীর কাজী দেউরী, নাসিমন ভবন ও এনায়েত বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টার সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ শতাধিক লোক আহত হন। পুড়িয়ে দেওয়া হয় তিনটি প্রাইভেট কার, ভাংচুর করা হয় অর্ধশতাধিক যানবাহন। কোতয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নাজনীন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় এসআই হারুনুর রশিদ ও এসআই জাফর দুটি মামলা করেছেন, যাতে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলাতেই ২৩ জনের নাম উল্লেখ করে চার থেকে পাঁচশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া এসআই শাহ আলম ও এএসআই রফিক বাদি হয়ে দ্রুত বিচার আইনে আরো দুটি মামলা করেছেন, যার প্রত্যেকটিতে ২৩ জনের নাম উল্লেখসহ তিন থেকে চারশ জনকে আসামি করা হয়েছে। কোতয়ালী থানার এই চার মামলায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও নগর জামায়াতের আমীর আ ন ম শামসুল ইসলামকেও আসামি করা হয়েছে। খুলশী থানার এসআই ওয়ালিউদ্দিন বাদি হয়ে দ্রুত বিচার আইনে যে মামলাটি দায়ের করেছেন তাতে ১৬ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনশ জনকে। এছাড়া সংঘর্ষের সময় লালখান বাজারের আমিন সেন্টারে ভাংচুরের ঘটনায় আমীন সেন্টার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সত্য তলাপাত্র আরেকটি মামলা করেছেন। খুলশী থানার এ মামলায় অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, রোববারের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে খুলশী থানার মামলায় পাঁচজনকে এবং কোতয়ালীর মামলায় ২৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২১৫ ঘ.