গাজীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাসচাপা পড়ে এক শ্রমিক নিহত হওয়ার পর টঙ্গীর বিসিক এলাকায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় দুর্ঘটনার জন্য দায়ী বাসটি পুড়িয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। এর আগে শনি ও রোববার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়।
টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৮টার দিকে কারাখানায় যাওয়ার পথে একটি বাসের নিচে চাপা পড়েন টেক্সজোন নিটওয়্যার লিমিটেডের কর্মী আসমা বেগম (১৯)।
এসআই মনোয়ার জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী আসমাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পর মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসমার বাড়ি নরসিংদীর রায়পুরা এলাকায়। তিনি টঙ্গীতে বোনের বাসায় থাকতেন।
এসআই মনোয়ার জানান, দুর্ঘটনার পরপরই হামিদ গ্র“পের ওই স্টাফ বাসের চালক বাস ফেলে পালিয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং টঙ্গী বিসিক এলাকায় বিক্ষোভ শুরু করে।
পরে আসমার কর্মস্থল টেক্সজোন নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ বিক্ষোভস্থলে এসে দুর্ঘটনার জন্য দায়ী বাসের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা শান্ত হয়ে আসে।
শিল্পাঞ্চল-২ এর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এদিকে বিক্ষোভ শুরুর পর বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়। বিসিক এলাকায় মোতায়ন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
এক শ্রমিককে গুমের গুজবে শনি ও রোববার সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়িচাপা পড়ে নিহত হন এক নারী শ্রমিক।
আশুলিয়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রায় চার হাজার শ্রমিককে আসামি করে একটি মামলা করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, একটি মহল গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা লোটার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২৩০ ঘ.
bdnews24