২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটুকে চাপা দেওয়া বাসের চালকের জামিন স্থগিত

আলোকচিত্র সাংবাদিক শহিদুজ্জামান টিটুকে চাপা দেওয়া বাসের চালকের জামিন হওয়ার পর সমালোচনার প্রেক্ষাপটে তা আবার স্থগিত করেছে ঢাকার মহানগর হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোকচিত্র সাংবাদিক শহিদুজ্জামান টিটুকে চাপা দেওয়া বাসের চালকের জামিন হওয়ার পর সমালোচনার প্রেক্ষাপটে তা আবার স্থগিত করেছে ঢাকার মহানগর হাকিম আদালত। শুক্রবারের দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালক নাঈম মোল্লাকে শনিবার জামিন দিয়েছিল মহানগর হাকিম রেজাউল করিম। রোববার তার জামিননামা আদালতে দাখিল করা হলে তা নেননি মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। এই কারণে জামিনের আদেশটি স্থগিত হয়ে যায়। ফলে আদেশ হলেও কারামুক্ত হচ্ছেন না চালক নাঈম। শনিবার নাঈমের জামিনের আদেশ হলে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এতে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে। টিটুর জেলা বরিশালের সাংবাদিকরা ফেটে পড়েন বিক্ষোভে। এরপর মামলার বাদি গাড়িচালকের গাড়ি চালনার অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক যাচাই না হওয়া পর্যন্ত জামিননামা গ্রহণ না করতে আদালতে আবেদন জানান। ওই আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী জামিনের আদেশ মুলতবি রাখার আদেশ দেন। আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নওজেশ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শনিবার মহানগর হাকিম রেজাউল করিম জামিন দিলেও রোববার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আসামি নাঈমের জামিননামা গ্রহণ না করায় ওই জামিন স্থগিত হয়ে গেছে।” এদিকে নিহত টিটুকে বহনকারী রিকশাাচালক আলতাফ হোসেন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে রোববার বিচারকের খাস কামরায় জবানবন্দি দিয়েছেন। মহানগর হাকিম এম এ সালামের খাসকামরায় ১৬৪ ধারায় সাক্ষী হিসাবে এ জবানবন্দি দেন তিনি। শুক্রবার দুপুরে আলতাফের রিকশায় চড়ে গুলশান শুটিং ক্লাব থেকে শাহবাগ যাওয়ার পথে হোটেল রূপসী বাংলার সামনে মিরপুর-সদরঘাট রুটের ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন টিটু। এরপর ওই বাসের চাপায়ই তিনি ঘটনাস্থলে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২০২৫ ঘ.