সাতক্ষীরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে রোববার বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।
বনের গহীনে মামদো নদীর তীরে ভিমরুলখালি এলাকায় মারা যান হাজের আলী গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জায়াখালী গ্রামের শহর আলী গাজীর ছেলে।
সুন্দরবন কৈখালি স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন আলী সাংবাদিকদের বলেন, বনবিভাগের পাস নিয়ে শনিবার সকালে হাজের আলী ও তার ছেলেসহ কয়েকজন সুন্দরবনে মধু আহরণ করতে যান।
সকালে হাজের আলীকে একটি বাঘ বনের ভিতর নিয়ে যায়। এ সময় তার ছেলে খোকনের চিৎকারে আশপাশের মৌয়ালরা ছুটে আসেন। পরে টাইগার টিমের সদস্যদের সহযোগিতায় বনের ভিতর থেকে হাজের আলীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
দুপুরে লাশ বাড়ি নিয়ে যাওয়া হয় বলে জানান আলাউদ্দিন আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৭ ঘ.
bdnews24