রাজশাহী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার দায়ে রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রাজশাহীর শ্রম আদালত রোববার পরোয়ানা জারির পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নগরীর বোয়ালিয়া থানাকে নির্দেশ দিয়েছে।
মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সাবেক সুপারভাইজার আব্দুল জব্বার অবসর গ্রহণের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে জটিলতায় পড়লে ২০১০ সালে মেয়রসহ চার জনের বিরুদ্ধে রাজশাহীর শ্রম আদালতে একটি মামলা করেন।
মামলার বাকি আসামিরা হলেন- করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন-সচিব) আজাহার আলী, সচিব কে এম আব্দুস সালাম ও প্রধান হিসাব কর্মকর্তা আব্দুর রশিদ।
গত বছরের ১৬ অগাস্ট এই আদালত আব্দুল জব্বারের টাকা পরিশোধের জন্য মেয়রকে নির্দেশ দেয়।
কিন্তু যথাসময়ে টাকা না পেয়ে বাদী গত ১১ এপ্রিল আরেকটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গত ১০ মে মেয়রসহ এ চারজনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
কিন্তু ওইদিন মেয়র হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ওসি খান মো. শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এখনো এ সংক্রান্ত কোনো নির্দেশনা পাননি। তবে তিনি ঘটনাটি শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24