২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কেত না চিনলেও হাতে লাইসেন্স মফিজের

সাংবাদিক বিভাস চন্দ্র সাহার প্রাণ কেড়ে নেওয়া বাসের চালক মফিজুল ইসলাম বলেছেন, কেবল একটি কাগজে ‘সই করেই’ তিনি লাইসেন্স পেয়ে গেছেন। কামাল হোসেন তালুকদারেরপ্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাফিক সঙ্কেত না চিনলেও লাইসেন্স পেতে কোনো সমস্যা হয়নি সাংবাদিক বিভাস চন্দ্র সাহার প্রাণ কেড়ে নেওয়া বাসের চালক মফিজুল ইসলামের। রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। শুক্রবার সাংবাদিক বিভাস চন্দ্র সাহা দুর্ঘটনায় নিহত হওয়ার পর শনিবার রাতে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে মফিজকে ঢাকায় আনে পুলিশ। ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে তার কার্যালয়ে যাওয়ার সময় মৈত্রী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার বিবরণ দিয়ে ওই বাসের চালক মফিজ বলেন, “ওই দিন রাস্তায় জ্যাম ছিল। আশপাশের লোকজনের চিৎকারে বুঝতে পারি, আমার বাসের নিচে হোন্ডা (মোটরসাইকেল) চাপা পড়েছে।” দুর্ঘটনার পর গাড়ি থামিয়ে কৌশলে যাত্রীদের সঙ্গে মিশে যান বলে জানান মফিজ। “দুর্ঘটনার বিষয়টি মোবাইল ফোনে বাসের মালিক হাসানকে জানালে তিনিই পালানোর পরামর্শ দেন,” বলেন তিনি। লেখাপড়া কতটুকু জানেন- এ প্রশ্নের জবাবে মফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি পড়তে পারেন না, শুধু নিজের নাম লিখতে পারেন। এ সময় কয়েকটি ট্রাফিক সঙ্কেত দেখানো হলে মফিজ বলেন, “আমি এগুলো চিনি না।” লেখাপড়া না জেনে এবং ট্রাফিক সাইন না চিনে কীভাবে ড্রাইভিং লাইসেন্স পেলেন- জানতে চাইলে মফিজ বলেন, “একটা কাগজে সই করে লাইসেন্স পাইছি। ঝামেলা হয়নি।” এ সময় একটি কাগজে নিজের নাম লিখতে বলা হলে তিনি লেখেন- ‘মফিজল’। গত বছর সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত হলে চালকদের লাইসেন্স দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলে তাদের পক্ষে সাফাই গেয়েছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খান। দেশে নিরক্ষরতার হারের দিকে ইঙ্গিত করে শাজাহান খান বলেছিলেন, এই দেশে গাড়িচালকদের লাইসেন্স দেওয়ার জন্য সঙ্কেত চেনাই যথেষ্ট। তদন্ত কমিটি দুর্ঘটনার দিন বিক্ষুব্ধ সাংবাদিকদের ওপর পুলিশের চড়াও হওয়া, ফাঁকা গুলি বর্ষণ ও আপেশাদার আচরণের ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান জানান, দুই সদস্যের এই তদন্ত কমিটির প্রধান হিসাবে রয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান। এছাড়া সদস্য হিসাবে আছেন রমনা বিভাগের এডিসি আনোয়ার হোসেন। তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/আরএ/জেকে/এমআই/১৫১৩ ঘ.