ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তাকে অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা করার ঘটনায় নগর ভবনে চরম উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার কাউকে গ্রেপ্তার না করায় রোববার সম্পত্তি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।
সম্পত্তি বিভাগের কানুনগো মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার জসিম উদ্দিন সবুজসহ কয়েকজন আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে তার কক্ষে ঢুকে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
“এক পর্যায়ে তারা আমাকেসহ কক্ষে থাকা সবাইকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে টাকা ছিনিয়ে নেয়,” বলেন তিনি।
আলী বলেন, ফুলবাড়িয়া-২ মার্কেটের তিনটি ভবনের সামনে ও পেছনের খালি জায়গা বরাদ্দ সংক্রান্ত একটি ফাইল দিতে তাকে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় চাঁদা দাবি এবং হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেন আলী। ওই ঘটনার পর থেকে নগর ভবনে কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেদিনও তারা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।
আবুল হোসেন নামে এক কর্মচারী জানান, রোববার তারা সব ধরনের কাজ বন্ধ করে বিক্ষোভ করবেন।
ইতোমধ্যে প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে বলে জানান তিনি।
শাহবাগ থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩২৪ ঘ.
bdnews24