২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ

নগরীর লালখান বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় একজন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবলীগকর্মীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালখান বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় একজন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবলীগকর্মীকে। শনিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত লালখান বাজারের কর্নেল হোটেলের সামনে ও মতিঝর্ণা এলাকায় নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদ ও নগর নেতা দিদারুল আলম মাসুমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। ফরিদ নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মাসুম গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশ ঘটনাস্থল থেকে মো. খোকন (১৮) ও নাসির উদ্দিন (২৭) নামে দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লালখান বাজারে কর্নেল হোটেল ও মতিঝর্ণা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে বেলা ৩টার দিকে পুনরায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয় বলে জানান খুলশী থানার ওসি মফিজুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। “তবে বড় কোনো কিছু ঘটার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,” বলেন ওসি। উচ্ছৃঙ্খলতার অভিযোগে ঘটনাস্থল খোকন ও নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। আহত যুবলীগকর্মীকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মাসেও লালখান বাজারে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫৫ ঘ.