ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে একটি জবাই করা এবং বুড়িগঙ্গা নদী থেকে দুটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলিত লাশ দুটির মধ্যে একটির মাথা পাওয়া যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শনিবার দুপুর ও বিকালে লাশগুলো উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রুম্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জের দক্ষিণ মুসলিমবাগ পুকুর পাড় থেকে জবাই করা লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম সেন্টু ওরফে জেকব (২৬) শুভাড্ডা পশ্চিমপাড়ার আব্দুল কাদেরের ছেলে।
সাজ্জাদ রুম্মন বলেন, “দুর্বত্তরা দুপুর ১২টার দিকে বাসা থেকে জেকবকে ডেকে নিয়ে এসে ওই স্থানে জবাই করে পালিয়ে যায়। ঘটনাস্থলে একটি দা, একটি চাপাতি ও জেকবের ব্যবহৃত মটরসাইকেল পাওয়া যায়।”
জেকব একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন বলে তিনি জানান।
ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে বুড়িগঙ্গার ওয়াইজঘাট ও বিকালে ধোলেশ্বর এলাকা থেকে ভাসমান দুটি গলিত মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, একটি মৃতদেহের বয়স আনুমানিক ৩০ বছর। তবে ধোলেশ্বর থেকে উদ্ধার হওয়া দেহটির মাথা ও শরীরে অনেক অংশ পাওয়া যায়নি বলে বয়স আনুমান করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ তিনটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/১৮১৯ ঘ.
bdnews24