২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কলোনি উচ্ছেদকালে সংঘর্ষ

বেদখল জমি পুনরুদ্ধারে নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনি উচ্ছেদ অভিযানকালে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

নারায়ণগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেদখল জমি পুনরুদ্ধারে নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনি উচ্ছেদ অভিযানকালে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুর রউফ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলোনির বাসিন্দাদের উচ্ছেদে নোটিস দেওয়া হলেও তারা না সরে যাওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। তখন কলোনির বাসিন্দারা উচ্ছেদকারী দলের ওপর হামলা চালায়। এর আগে গত ৯ জানুয়ারি উচ্ছেদ অভিযান চালানো হলেও আবহাওয়াজনিত কারণে এবং স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে সে উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা হয় বলে জানান রেওয়ের বিভাগীয় এস্টেট অফিসার আহমেদুল কবির। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকাল ১০টায় উচ্ছেদকারী দল সিরাজউদ্দৌলা সড়কের ফ্রেন্ডস মার্কেটের সামনে গেলে বুলডোজার ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে কলোনির বাসিন্দারা। এতে বুলডোজার চালক ও এর সহকারী আহত হন। পরে কলোনির বাসিন্দারা সিরাজউদ্দৌলা সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তখন পুলিশ তাদের কয়েকদফা লাঠিপেটা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে। রেল কর্মকর্তা আহমেদুল জানান, রেলওয়ের স্টেশনগুলো ও রেল লাইনের উভয় পাশে বেদখল করে হওয়া জমি পুনরুদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে ঢাকা-টঙ্গী পর্যন্ত ‘ক্র্যাস প্রোগ্রাম’ নেওয়া হয়েছে। মগবাজার পর্যন্ত জমি দখলমুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জের স্টেশন এলাকায় ও শহর জুড়ে রেলওয়ের জমিতে প্রচুর অবৈধ দখলদার রয়েছে। পর্যায়ক্রমে বেদখল হয়ে যাওয়া জমিগুলো উদ্ধারে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তরা বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, হাই কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই অভিযান চালানো হয়। রেলওয়ে স্টেশন কলোনি রক্ষা সংগ্রাম কমিটি, সিরাজউদ্দৌলা রেলওয়ে মার্কেট সমবায় সমিতি, শীতলা মায়ের মন্দির কমিটির নেতারা সংবাদ সম্মেলনে বলেন, ৪২টি দোকান ও ১১০টি বসতঘর ভেঙে ফেলা হয়েছে। উচ্ছেদের সময় লুটপাটও চালানো হয় বলে দাবি করেন স্টেশন কলোনি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কামাল হোসেন। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বী সংবাদ সম্মেলনে বলেন, ১৮৮২ সালে রেলওয়ে এই জমি জনসাধারণ ও পৌরসভা থেকে অধিগ্রহণ করে। “এখন রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে অসাধু রাজনীতিক ও ভূমিদস্যুদের সিন্ডিকেট হরিলুট চালাচ্ছে,” বলেন তিনি। উদ্ধার হওয়া জমিতে দোকান না বসিয়ে তা জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি জানান রাব্বী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৭৫৬ ঘ.