২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় মৃত্যু: সাংবাদিকরা বিক্ষুব্ধ

সাংবাদিক বিভাস চন্দ্র সাহার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন শেষে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে ২৪ ঘণ্টা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 06:13 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক বিভাস চন্দ্র সাহার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন শেষে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে ২৪ ঘণ্টা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি একই সময়ের মধ্যে ধানমণ্ডি থানার ওসির প্রত্যাহারের দাবি এসেছে। রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার বিকালে বাসচাপায় নিহত হন বিভাস। ধানমণ্ডির ২ নম্বর সড়কে বেল টাওয়ারে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী বিভাসকে (৪৫) বাস চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন করার কথা থাকলেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এতে প্রেসক্লাবের সামনের তোপখানা রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ প্রত্যাহার করে নিলে দুপুর দেড়টার পর গাড়ি চলাচল ফের শুরু হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে মানববন্ধন শুরু হলে বিক্ষুব্ধ সংবাদকর্মীরা তাদের বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে ধানমণ্ডি থানার ওসি মনিরুজ্জামানকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং বিভাসের পরিবারকে পরিবহন মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাভলু। পরে ঢাকা রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজী ছাড়াও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বক্তারা ওই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। তারা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খানকে আরো সংযত হয়ে কথা বলারও আহ্বান জানান। এদিকে সকাল ১০টায় ডিআরইউতে বিভাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ক্র্যাব বহুমুখী সমিতি ও সবস্তরের সংবাদকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “দিনেশের নিহত হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে তদন্ত কমিটিতে একজন সদস্য হিসেবে আমি ছিলাম। আমাদের সুপারিশ ছিল, চালকদেরকে ন্যূনতম পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ী চালকদের সাজা তিন বছর থেকে বাড়িয়ে ১০ বছর করতে হবে।” এসব সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ডিআরইউ সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এএল/১৩৫৬ ঘ.