আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- রক্ষণাবেক্ষণ ও অতিরিক্ত জ্বালানি ব্যয়ের কারণে চলতি বছরেই বিমানের বহর থেকে বাদ পড়ছে সব পুরনো উড়োজাহাজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শেখ নাসির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩০ জুন থেকে এফ-২৮ মডেলের একটি উড়োজাহাজ বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নভেম্বরের মধ্যে বাদ দেওয়া হবে ডিসি-১০ মডেলের আরো তিনটি।”
এগুলো অনেক পুরনো হয়ে যাওয়ায় জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ বিমানকে অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে বলেও জানান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে সংস্থাটিকে লোকসান গুণতে হয়েছে প্রায় ৩৪৪ কোটি টাকা।
পুরনোগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হলেও প্রতিস্থাপন হিসেবে নতুন কোন উড়োজাহাজ বহরে যোগ হবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
হল্যান্ডের বিমান নির্মাতা প্রতিষ্ঠান ফকার নির্মিত ২৮ বছরের পুরাতন একটি এফ-২৮ এবং মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান ম্যাগডোনাল্ডস ডগলাসের ৩০ বছরের পুরনো তিনটি ডিসি-১০ উড়োজাহাজ বর্তমানে বিমান বহরে রয়েছে।
এফ-২৮ উড়োজাহাজের আরো কয়েকটি আগে ছিল, যেগুলোকে বাদও দেওয়া হয় বহর থেকে। তাছাড়া বিশ্বের কোন বিমান সংস্থাও বর্তমানে এসব মডেলের উড়োজাহাজ ব্যবহার করছে না।
এদিকে সরকার বন্ধ হয়ে যাওয়া অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিমানের এই ব্যবস্থাপনা পরিচালক।
ক্রমাগত লোকসানের কারণে ২০০৭ সাল অভ্যন্তরীণ সাতটি রুটের চারটি বন্ধ করে দেয় বিমান।
তিনি বলেন, “সিদ্ধান্ত হলেও নতুন উড়োজাহাজ ছাড়া এগুলো চালু করা সম্ভব নয়। আমরা সরকারকে জানিয়েছি, তারা সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না।”
বিমানের বহর থেকে পুরনো উড়োজাহাজ বাদ দেওয়ার বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞ এবং বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম বলেন, “রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি বাবদ এ উড়োজাহাজগুলোতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাতে এগুলো ব্যবহার না করলে বিমানের লোকসান কম হবে।”
রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা ব্যয় কম হওয়ায় বাংলাদেশের জন্য টারবো ট্রুপ জাতীয় ছোট বিমান বেশি লাভজনক হবে, মত এই বিশেষজ্ঞের।
নতুন উড়োজাহাজ কেনা প্রসঙ্গে তিনি বলেন, “শুধু নতুন প্রজন্মের উড়োজাহাজ কিনলেই হবে না। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনশক্তিও প্রয়োজন। পুরনো লোকবল দিয়ে নতুন উড়োজাহাজ পরিচালনা সম্ভব নয়।”
বিমানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে এসব উড়োজাহাজ আর তৈরি হয় না তাই এর যন্ত্রাংশ অত্যন্ত চড়া মূল্যে বিদেশ থেকে আমদানি করতে হয়। যন্ত্রাংশ আমদানির মাধ্যমে বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এবং কর্মচারী কমিশন বাণিজ্য করার জন্যই বিমানগুলো এতোদিন বহরে থেকে গেছে।
২০১০ সালেই বিমানের প্রকৌশল বিভাগও ওই পুরনো উড়োজাহাজগুলো বহর থেকে বাদ দেওয়া পরামর্শ দিয়েছিল বলেও জানান তিনি।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১০১২ ঘ.
bdnews24