ঠাকুরগাঁও, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় শুক্রবার বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হন ১৬ জন।
মৃতরা হলেন পীরগঞ্জের দস্তমপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (২৩) ও মুসা (২৮) এবং হরিপুরের মরাধর গ্রামের রব্বানী (১৮), মাগুড়া গ্রামের শাহিনা (১৫) ও আমগাঁও গ্রামের সুরাইয়া বেগম (১৩)।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দস্তমপুর গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় একটি জমিতে ধান কাটার সময় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়।
এছাড়া জমিতে ধান কাটা এবং বাড়িতে কাজ করার সময় তিনজন আহত হন।
আহত দস্তমপুর গ্রামের খলিল (৩৫), সিন্দুরনা গ্রামের কালু রাম (২০), সোহান (৪৫), সেনুয়া গ্রামের সলিম (৪০) ও পয়েন্দা গ্রামের নাসিমাকে (১৩) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বলেন ইউএনও।
হরিপুরের ইউএনও আবু হুরাইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঠ থেকে ধান আনার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন ১১ জন।
আহতরা হলেন আমগাঁও গ্রামের মেরিনা (৬), সাজেনুর (৮), মনছুরা (৮), শেখফুল (১২), চাপাসার গ্রামের সবুর (৪০), মরাধর গ্রামের বদিরুল (১৮), নন্দগাঁও গ্রামের কাচালু রায় (৫০), মহেন (৩৫), রাজেন (২৭), আতাউর (৫০) ও সবুজ (২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪৮ ঘ.
bdnews24