সাভার, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে পুলিশসহ শতাধিক।
পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়িচাপায় নিহত হয়েছেন এক নারী শ্রমিক। খোয়া গেছে এক পুলিশ সদস্যের শটগান।
হা-মীম গ্রুপের বাংলাবাজার এলাকার প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের এক শ্রমিককে পুলিশে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক অসন্তোষ শুরু হয়।
কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা করায় ওই শ্রমিককে গত বৃহস্পতিবার পুলিশে দেওয়া হয়েছিল।
বেরণ এলাকার নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ি চাপায় নিহত হন ওপেক্স সোয়েটার লিমিটেডের শ্রমিক নাহার (৩০)।
নাহারের লাশ বিক্ষুব্ধ শ্রমিকরা নিয়ে যায় বলেও জানান হারুন। শিল্প পুলিশ-১ এর আশুলিয়া জোনের এএসআই তোতা মিয়া নাহারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকরা সকালেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করে তারা। এ ছাড়া প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইনেও তারা ভাংচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের ওপর টায়ার ও কাঠের গুঁড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা ইট ছুড়তে থাকলে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের সহকারী পরিচালক মীর ফুসিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে এক হাজার রাবার বুলেট, কাঁদানে গ্যাসের একশ’ সেল ছুড়তে হয়েছে।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার সাভারের জামগড়া, বাইপাইল, নরসিংগপুর, বাংলাবাজার এলাকাসহ আশপাশের ছোট বড় প্রায় একশ’ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।
আর্টিস্টিক-এর মালিক হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর সভাপতি এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে যে শ্রমিককে থানায় দেওয়া হয়েছে, তাকে মেরে লাশ গুম করার গুজব ছড়িয়ে এ বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।”
ওই শ্রমিককে জামিনে ছাড়িয়ে এনে শ্রমিকদের সামনে হাজির করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহতদের কয়েকজনকে তাদের হাসপাতালে ভর্তি হয়েছে।
তারা হলেন- পুলিশ কনস্টেবল মাহাবুবুর রহমান, মফিজুর রহমান, সাইদুল ইসলাম, হা-মীম গ্রুপের শ্রমিক হাসান আলী, ইমাম হোসেন, মোনোয়ার হোসেন, মেডনার গ্র“পের নিরাপত্তা কর্মী মোশাররফ হোসেন ও পথচারী ফজলুল হক। তাদের সবাই মাথায় আঘাত পেয়েছেন।
শিল্প পুলিশের উপ পরিচালক ফয়জুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে তিনিসহ কমপক্ষে ১০জন শিল্প পুলিশ আহত হয়েছেন।
আহত কনস্টেবল মফিজুর রহমানের শটগান ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শিল্প পুলিশ কর্মকর্তা মীর ফুসিয়ার।
আটকরা হলেন- ব্যবসায়ী আলী হোসেন, ছাত্র আব্বাস আলী, কাঠমিস্ত্রী শাহীন, শ্রমিক আলমগীর, একরামুল্লা ও রিপন।
দুপুর ১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে হয়ে এলেও ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৪৪৪ ঘ.
bdnews24