ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৭ মে নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ অধিবেশনে ২০১২-২০১৩ অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৭ জুন তার বাজেট পেশ করার কথা রয়েছে।
মহাজোট সরকারের এটি হবে চতুর্থ বাজেট ঘোষণা। আগের তিনটি বাজেটই অনুপস্থিত ছিলেন বিরোধী দলের সাংসদরা।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ২৭ মে রোববার বিকাল সাড়ে ৫টায় নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহবান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী এ অধিবেশন ডেকেছেন।
এর আগে গত ২৯ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়।
সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সে হিসেবে ২৮ মে’র মধ্যে বাজেট অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতাও ছিল।
৭৭ কার্যদিবস পর ৩৪ কার্যদিবসের দ্বাদশ অধিবেশনের মাঝামাঝিতে সংসদে ফিরেছিল বিরোধী দল। ওই অধিবেশনে সংসদে ফিরেই রেকর্ড সময় বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
তবে স্পিকার আবদুল হামিদ যখন অধিবেশনের সমাপ্তি টানেন, তখন বিরোধী দল সংসদে ছিল না। এ নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭১০ ঘ.
bdnews24