২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে উপস্থাপিত নথি নিয়ে প্রশ্ন সাঈদীর কৌঁসুলিদের

যুদ্ধাপরাধে ২০টি ঘটনায় অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কৌঁসুলিরা বুধবার প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত দুটি নথির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 07:07 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে ২০টি ঘটনায় অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কৌঁসুলিরা বুধবার প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত দুটি নথির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সময় প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তখন বিচারপতি নিজামুল হক তাদের থামান। সাঈদীর কৌঁসুলিরা দাবি করেন, রাষ্ট্রপক্ষের কাছে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের সঙ্গে সংবিধানের ৫ম অনুচ্ছেদে অন্তর্ভুক্ত ভাষণের মিল নেই। ৮ নম্বর নথি হিসেবে উপস্থাপিত বিদেশি টেলিভিশন এনবিসি ও সিবিএস-এর প্রতিবেদনগুলোর যথার্থতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বুয়েটের একজন অধ্যাপকের ধারণ করা ১৯৭২ সালের ৭ জানুয়ারি প্রচারিত এনবিসির একটি ভিডিও প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ স্থাপিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ৩ অক্টোবর সাইদীকে অভিযুক্ত করেন। সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় প্রমাণের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের একটি সিডি ৭ নম্বর নথি হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সাঈদীর যুদ্ধাপরাধের তদন্ত কর্মকর্তা এএসপি মোহাম্মদ হেলাল উদ্দিনকে জেরা দিয়ে বুধবার আদালতের কাজ শুরু হয়। এই মামলার ২৮তম সাক্ষী হিসেবে উপস্থিত পুলিশের এই কর্মকর্তা বলেন, তিনি ভাষণের একটি অনুলিপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে সংগ্রহ করে নথি হিসেবে ট্রাইব্যুনালে জমা দিয়েছিলেন। ভাষণটি সম্পাদনা করা হয়েছিল কি না- আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলামের প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন বলেন, তা তিনি জানেন না। এরপর আসামি পক্ষের আইনজীবী সংবিধানের পঞ্চম অনুচ্ছেদে অন্তর্ভুক্ত একই ভাষণের একটি লিখিত অনুলিপির কথা উল্লেখ করেন এবং দুটির মধ্যে অসংলগ্নতার ইঙ্গিত দেন। তিনি বক্তব্যের ওই অংশটুকু পড়ে শোনান, যা সিডিতে ছিল না। ব্যাখ্যা হিসেবে তদন্ত কর্মকর্তা শুধু বলতে পেরেছেন যে, ভাষণটি পরে সম্পাদনা করার সময় এটা হয়ে থাকতে পারে। এ ধরনের প্রশ্নে দৃশ্যত বিব্রত হয়ে বিচারের এই পর্যায়ে একটি নথিকে ‘খুঁটিয়ে বিচার করা’ থেকে আসামি পক্ষকে বিরত রাখার ব্যর্থ চেষ্টা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “এ পর্যায়ে নথিকে খুঁটিয়ে বিচার করার কোনো আইনি বিধান নেই।” তবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, সাক্ষ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন করার পূর্ণ অধিকার রয়েছে আসামি পক্ষের এবং তারা তাই করছেন। তারপর মিজানুল ইসলাম ভাষণের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শোনান, যে অংশগুলো নথিতে অন্তর্ভুক্ত করা হয়নি। মিজানুল ইসলামের জেরার মাঝখানে বিভিন্ন বিষয়ে জেয়াদ আল মালুম প্রতিবাদ অব্যাহত রাখলেও তা ট্রাইব্যুনালের ওপর প্রভাব ফেলতে ব্যর্থ হয়। সিবিএস ও এনবিসি মিজানুল ইসলাম ৮ নম্বর নথি হিসেবে জমা দেওয়া এনবিসি ও সিবিএস এর প্রতিবেদন সম্পর্কে তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। আসামি পক্ষের আইনজীবী তদন্ত কর্মকর্তার কাছে ‘এনবিসি’ নিউজের পূর্ণরূপ, এর প্রধান কার্যালয় ও ঢাকায় এর শাখা কার্যালয় আছে কি না এ সম্পর্কে জানতে চান। উত্তরে তদন্ত কর্মকর্তা হয় বলেছেন তিনি জানেন না অথবা তার কাছে থাকা নথিপত্রে এ বিষয়ে কোনো তথ্য নেই। “(এনবিসি) এমন কোনো সংস্থার অস্তিত্ব আদৌ আছে কি না, তদন্ত কর্মকর্তা তাও জানেন না,” মিজানুল ইসলাম এ মন্তব্য করলে হেলাল উদ্দিন অবশ্য তা অস্বীকার করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত এই টিভি স্টেশনকে প্রতিনিধিত্ব করে এমন কারো কাছ থেকে তিনি প্রতিবেদনগুলো সংগ্রহ করেছিলেন কি না- এ প্রশ্নের জবাবে হেলাল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি তদন্ত সংস্থাকে দিয়ে প্রতিবেদনগুলোর অনুলিপি সংগ্রহ করা হয়েছে। ওই প্রতিবেদনটি প্রচারিত হওয়ার সময় জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, তিনি জানেন না। তখন মিজানুল ইসলাম বলেন, তিনি ওই প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করতে চান। তাই ওই ভিডিও ক্লিপটি আদালতে দেখানো দরকার। এ পর্যায়ে প্রসিকিউটর হায়দার আলী এর তীব্র প্রতিবাদ করে বলেন, “এটা আবারো দেখানোর কোনো দরকার নেই। কারণ, এর বিষয়বস্তু আসামি পক্ষের কাছে জমা দেওয়া আছে এবং ট্রাইব্যুনাল বহু আগেই বলেছেন, যে সব পক্ষই এর বিষয়বস্তু সম্পর্কে সম্যকভাবে অবগত।” বিচারপতি নিজামুল হক তখন বলেন, ওই প্রতিবেদন আবার দেখতে সমস্যা নেই। “অভিযুক্তের পক্ষ থেকে সবসময়ই নথি পরীক্ষা করা যাবে।” এরপর মিজানুল ইসলাম জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর একটি ক্লিপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি দুই বিদেশি িিটভির প্রতিবেদনের মাঝে পরে যোগ করা হয়েছে। এই পর্যায়ে হায়দার আলী ও মিজানুল ইসলামের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে মিজানুল ইসলাম রাগত স্বরে বলেন, ‘এটা কী?’ তখন হায়দার আলী উচ্চস্বরে বার বার বলতে থাকেন, “এটা কী বলতে আপনি কী বোঝাচ্ছেন?” তখন ট্রাইব্যুনাল প্রধান বলেন, “আমরা কি উভয় পক্ষের জ্যেষ্ঠ কৌঁসুলিকে আদালতে দায়িত্ব পালনের সময় নিজেদের সংযত থাকতে অনুরোধ করতে পারি?” মিজানুল ইসলাম দ্রুত নিজেকে নিবৃত্ত করে রসিকতা করে বলেন, “মহামান্য আদালত শুধু অনুরোধ নয়, এজন্য আপনি আমাদেরকে আদেশও দিতে পারেন।” জেরা শুরু করে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, নিজামীর ওই ফুটেজ কে ঢুকিয়েছিল। ওই ফুটেজের শিরোনাম ছিল ‘এই লোক ও তার দল ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, এখনো তাদের অনুশোচনা নেই, এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, আমাদের কবি, গায়ক, শিল্পী, অভিনেতা ও শিক্ষকদের হত্যা করেছে।’ শিরোনামের শেষে দর্শকদের উদ্দেশে বলা হয়েছে, “আপনি কি তাদের বিচার চান না?” হেলাল উদ্দিন বলেন, ওই ক্লিপটি কে ঢুকিয়েছে বা এনবিসি ও সিবিএস-এর প্রতিবেদনের মধ্যে তা কীভাবে ঢুকল তা তিনি জানেন না। নিজামীর ওই ফুটেজটি সাম্প্রতিক কি না- তা জানতে চাইলে পেছনের সারি থেকে প্রইিকউটর সাইফুর রহমান বেশ জোরে উত্তর দেন, “আমি জানি না।” তার উচ্চস্বর একেবারে পেছনে বসা গণমাধ্যম কর্মীদের কাছেও পৌঁছায়। এতে মিজানুল ইসলাম আবারো রেগে যান। নথিগুলোর (৭ ও ৮) সূত্র ও যথার্থতা নিয়ে অন্য প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে তদন্ত কর্মকর্তাকে বার বার কয়েক মিনিট ধরে নথি দেখতে হওয়ায় এই জেরা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেশির ভাগ সময়ই তিনি উত্তর দেন, ‘আমার নথিপত্রে এর উল্লেখ নেই এবং তাই আমি বলতে পারছি না’ বা ‘আমি জানি না’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/০১০৪ ঘ.