২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রহস্যজনক’ অপহরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিন আলোকে খাগড়াছড়িতে পাওয়া গেছে, যাকে অপহরণ করা হয়েছে বলে মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 06:42 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

খাগড়াছড়ি, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিন আলোকে খাগড়াছড়িতে পাওয়া গেছে, যাকে অপহরণ করা হয়েছে বলে মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি হয়েছিল। নূর উদ্দিন নিজেই বুধবার দুপুরে দীঘিনালা থানায় যান বলে পুলিশ জানিয়েছে। থানায় ঢুকেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। হাসপাতালে চিকিৎসার নূর উদ্দিন (৩৫) যা বলছেন, তাতে কথিত অপহরণের ঘটনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে পুলিশের মনে। খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (দীঘিনালা সদর সার্কেল) আবু আসাদ মো. মাহফুজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নূর উদ্দিন জিজ্ঞাসাবাদে সন্দেহজনক কথাবার্তা বলেছেন। এক কথার সঙ্গে আরেক কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাকে অপহরণের পুরো বিষয়টিই রহস্যজনক।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হক মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি বলেন, শিক্ষক নূর উদ্দিন তার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলীও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। খাগড়াছড়ি পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর দেড়টার দিকে দীঘিনালা থানায় উপস্থিত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন নূর উদ্দিন। সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দুপুর দেড়টার দিকে নিজে নিজেই থানায় আসেন। পৌঁছেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। “সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে আমরা নিশ্চিত হয়েছি যে তিনিই নূর উদ্দিন।” থানা থেকে এই শিক্ষককে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি এখন একটি কেবিনে রয়েছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাহবাগ থানার কাছে তাকে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পুলিশ দীঘিনালা থানায় একটি জিডি করেছেন বলে ওসি জানান। হাসপাতালের চিকিৎসক সুবলজ্যোতি চাকমা জানান, শিক্ষক নূর উদ্দিন সুস্থ আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছয়টি জখমের দাগ রয়েছে। জখমের স্থান ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে নূর উদ্দিন সুস্থ হয়ে উঠার পর দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নূর উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। শিক্ষক নূর উদ্দিন পুলিশকে জানান, তাকে কিছু খাইয়ে অপহরণ করা হয়েছে। অপহরণের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ভিভাগের অধ্যাপক মাকসুদুল কামাল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইনসহ বিভাগের আরো কয়েকজন শিক্ষকের সম্úৃক্ততা রয়েছে বলে দাবি করেন তিনি। সহকারী পুলিশ সুপার বলেন, “নূর উদ্দিন বলেন, এই দুজন শিক্ষক তার ৬০ লাখ টাকা আত্মসাতের জন্য প্রতিনিয়ত ‘নাহার’ নামে একজন ভাড়াটে মহিলা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছেন। এর অংশ হিসেবেই তাকে অপহরণ করা হয়েছে।” নূর উদ্দিন জানান, তাদের বাসা উত্তরায়, তার বাবার নাম এন্তাজ উদ্দিন। তবে তার সুনির্দিষ্ট কোনো ঠিকানা না থাকার কথা প্রক্টর মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। মঙ্গলবার রাতে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষক নূর উদ্দিন আলো এবং তার স্ত্রী নাহারের মধ্যে কলহ চলছে। পরস্পরের বিরুদ্ধে মামলাও রয়েছে তাদের। এএসপি আবু আসাদ মো. মাহফুজুল জানান, ‘নাহারের’ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে নূর উদ্দিন তাকে চেনেন না বলে দাবি করেন। দুই শিক্ষকের বক্তব্য নূর উদ্দিনের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মাকসুদুল কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।” “নাহার নামে এক মেয়ের সঙ্গে নূর উদ্দিনের বিয়ে হয়েছিল, পরে সে তা অস্বীকার করে। নূর উদ্দিন বিষয়টি আমাকে মিটমাট করে দেওয়ার জন্য বলে। নাহার ও আমার বাড়ি নোয়াখালী বলে নূরউদ্দিন আমাকে এই অনুরোধ করেছিল,” বলেন তিনি। অধ্যাপক কামাল বলেন, “কিন্তু বিষয়টি মীমাংসা করে দিতে না পারায় এখন নূর উদ্দিন ক্ষুব্ধ হয়ে অপহরণের ঘটনার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করছে।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন বলেন, এসব ঘটনার কিছুই তিনি জানেন না। “নূর উদ্দিন একসময় আমার ছাত্র ছিল, এখন সহকর্মী; এর বাইরে আর কোনো সম্পর্ক নেই,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/সিএস/এমআই/০০৩৫ ঘ.