ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে আগামী ২৭ মে তথ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো।
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ আয়োজিত গণঅনশন কর্মসূচি শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
বুধবার সকাল ১০ থেকে শুরু হওয়া এই অনশন কর্মসূচি শেষ হয় বিকাল ৪টায়।
সাংবাদিকদের এই দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ইকবাল সোবহান বলেন, “আমরা আশা করব, প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখবেন। আর ২৭ মের কর্মসূচির পরেও যদি দাবি আদায় না হয়, তাহলে সংবাদপত্র প্রকাশনা বন্ধের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হতে পারে।”
দিনব্যাপী এই অনশন কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন এবং সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হবে বলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা গঠিত হয়নি।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সপ্তম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন করেছিল সরকার।
অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন।
বুধবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা বলেন, এখন পর্যন্ত অষ্টম ওয়েজ বোর্ড গঠন না হওয়া দুঃখজনক।
সিইউজে সভাপতি শীহদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক, বিএফইউজের সহ-সভাপতি মোস্তাক আহমদ, সিউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, ম. শামসুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএমআর/এমআই/২০৩০ ঘ.
bdnews24