২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ ঢাবি শিক্ষকের খোঁজ মিললো খাগড়াছড়িতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিন আলোকে খাগড়াছড়িতে পাওয়া গেছে, যাকে অপহরণ করা হয়েছে বলে মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

খাগড়াছড়ি, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিন আলোকে খাগড়াছড়িতে পাওয়া গেছে, যাকে অপহরণ করা হয়েছে বলে মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি হয়েছিল। খাগড়াছড়ি পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর দেড়টার দিকে দীঘিনালা থানায় উপস্থিত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন নূর উদ্দিন। সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দুপুর দেড়টার দিকে নিজে নিজেই থানায় আসেন। পৌঁছেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। “সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে আমরা নিশ্চিত হয়েছি যে, তিনিই নূর উদ্দিন।” ওসি জানান, এই শিক্ষককে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুবল জ্যোতি চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হক মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি বলেন, শিক্ষক নূর উদ্দিন তার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিন আলোকে অপহরণের বিষয়টি এক শিক্ষার্থী জানায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে খঁজে বের করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪২০ ঘ.