২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে অনশন চলছে

অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই গণঅনশন কর্মসূচি চলবে বিকাল ৪ টা পর্যন্ত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন এবং সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতারা সমাবেশে বক্তৃতা রাখছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস দিলেও, ওয়েজ বোর্ড ঘোষণার তারিখ ঘোষণার পরও কোনো কাজ হয়নি।” তিনি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সমালোচনা করে বলেন, “আমরা এ পর্যন্ত যতোবার তার সঙ্গে কথা বলতে গিয়েছি ততোবার উনি বলেছেন যা বলার সংক্ষেপে বলুন। আমার সময় নেই। আগে থেকে সময় নিয়ে ওনার সঙ্গে দেখা করতে গেলেও ওনার কথা বলার সময় হয় না।” অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকের হোসেন ও সভাপতি আব্দুস শহীদ, বাস দুর্ঘটনায় আহত দৈনিক কালের কন্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল ভদ্র, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোদাব্বির হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন সাংবাদিক কর্মচারী নেতৃবৃন্দের সঙ্গে অনশন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং রুহুল আমিন গাজী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হবে- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের এমন বক্তব্যের পর এখন পর্যন্ত তা গঠিত হয়নি। সম্প্রতি বিষয়টি নিয়ে আন্দোলনের ঘোষণা দেয় সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সপ্তম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন করেছিল সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৩৫১ ঘ.