২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সজীব হত্যা: রুয়েটে ১০ ছাত্র বহিষ্কার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল আজিজ খান সজীব হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

রাজশাহী, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল আজিজ খান সজীব হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া তিন শিক্ষার্থীকে তিন বছর এবং একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. শামীমুর রহমান। তিনি জানান, তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের তানভীর আহমেদ, তৃতীয় বর্ষের মোহায়মিনুল হক পলাশ, সুলতান রাজিবুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের সুফিয়ান আলম এবং যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের রেজওয়ান আহমেদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আর তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের মির্জা আবু গোলাম রাসেল, শফিক আহমেদ তানভীর এবং আহমেদ রুহুল কুদ্দুসকে। একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এসএম এনামুল হককে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ড. শামীমুর রহমান জানান, সজিব হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ১২ মার্চ রুয়েট ক্যাফেটেরিয়ার সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আজিজ খান সজীব ও রনি। এদের মধ্যে গত ১৫ মার্চ গভীর রাতে ঢাকার সাভারে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজীব। ওই ঘটনার পরদিন তড়িৎ কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আবদুল গাফফার খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১১৪৫ ঘ.