ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মর্যাদার ধারাক্রম রক্ষায় প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আদেশ দিতে মন্ত্রিপরিষদ সচিবকে বলেছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই প্রজ্ঞাপন জারি করে আগামী ১৫ মে তা আদালতকে জানাতে বলে।
একইসঙ্গে ভিআইপিদের প্রটোকল এবং গার্ড অব অনার সংক্রান্ত জেলায় জেলায় দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালের নির্দেশনা বৃহস্পতিবার আদালতে দাখিল করতেও স্বরাষ্ট্র সচিবকে আদেশ দেওয়া হয়।
২০১০ সালে বান্দরবার ভ্রমণকালে সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে প্রটোকল এবং গার্ড অব অনার না দেওয়ায় বৃহস্পতিবার একটি রিট আবেদন করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।
তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করেন।
আবেদনের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবারই আদালত বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তলব করে।
আদেশ পেয়ে সকালে জেলা প্রশাসক কেএম তরিকুল ইমন ও এসপি কামরুল আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত বর্তমান জেলা প্রশাসককে (ডিসি) ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়।
তবে ওই সময়কার ডিসি মিজানুর রহমানকে (বর্তমানে এলজিআরডির যুগ্ম সচিব) আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওইদিন এসপিকে আবারো আদালতে যেতে হবে।
রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। ডিসি-এসপির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু।
রিট আবেদনের দিন (গত বৃহস্পতিববার) আদালত রুলও জারি করে। এতে আইন অনুযায়ী বিচারপতিদের প্রটোকল এবং গার্ড অব অনার দেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) এর জবাব দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ডিডি/০০২৫ ঘ.
bdnews24