২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদক চক্র’র হামলায় আহত ৪ কর্মকর্তা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক বিক্রেতা ধরতে গিয়ে হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চার কর্মকর্তা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

নারায়ণগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক বিক্রেতা ধরতে গিয়ে হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চার কর্মকর্তা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ হামলা হয়। হামলায় আহত সুপারিন্টটেনডেন্ট আজম শাহ আলমগীর, এসআই সুমন, সিপাহী মতিন মিয়া ও সিপাহী আজাদকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শাদা পোশাকে মাছিমপুর গ্রামের মাদক বিক্রেতা সাখাওয়াত, ফারুক ও সেলিমের আস্তানায় অভিযান চালান। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে তারা আগেই পালিয়ে যায়। পরে আবার একজোট হয়ে রামদা ও চাপাতি নিয়ে ওই চার কর্মকর্তার উপর অর্তকিত হামলা চালায়। ওসি আতিকুর রহমান আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশের সহায়তা ছাড়াই অভিযান চালিয়েছেন বলে এ হামলার শিকার হন। ঘটনার পরপরই র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১৫০ ঘ.