চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রামের আদালতে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হেল বাকীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে তিনি জবানবন্দি উপস্থাপন শুরু করেন।
আবদুল্লাহেল বাকি ওই অস্ত্র আটকের সময় চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর এলাকার উপ-কমিশনার ছিলেন।
এর আগে সোমবার এ মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী সাক্ষ্য দেন।
তিনি আদালতকে বলেন, ১০ ট্রাক অস্ত্রের চালানের বিষয়ে এনএসআইয়ের চট্টগ্রামে কর্মরতরা আগাম কোনো তথ্য দিতে না পারলেও এজন্য তাদের কাছে কোনো কৈফিয়ত চাওয়া হয়নি।
পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
মঙ্গলবার এ মামলার শুনানির জন্য মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ মামলার ১০ আসামিকে সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির করানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24