২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি তেল-গ্যাস রক্ষা কমিটির

অবিলম্বে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 06:54 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার এক সমাবেশে কমিটির নেতারা এ দাবির পাশাপাশি বিদ্যুৎ সমস্যা সমাধানে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র মেরামত, নবায়ন ও সম্প্রসারণের দাবি জানান। কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, অর্থের অভাব দেখিয়ে সরকার বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো মেরামত ও নবায়নের উদ্যোগ নিচ্ছে না। অথচ রেন্টাল-কুইক রেন্টাল (ভাড়াভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্রের নামে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করছে। এই পথ আত্মঘাতি বলে উল্লেখ করেন আনু মুহাম্মদ। বেশি দাম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে দাম বাড়িয়ে যারা দেশের অর্থনীতি ধংসের চক্রান্ত করছে তাদের শাস্তি দাবি করেন তিনি। তিনি অবিলম্বে রেন্টাল-কুইক রেন্টালের সব চুক্তি বাতিল এবং রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দাবি জানান। সরকারি তথ্যমতে দেশে এখন প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাহলে শিল্প-কারখানায় বিদ্যুৎ নেই কেন জানতে চান তিনি। কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, জনমত উপেক্ষা করে লুটেরাদের পকেট ভারি করতে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন খরচের দায় জনগণ নেবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানসহ কয়েকটি দাবিতে সারাদেশে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান-সমাবেশ ও বিক্ষোভ করে কমিটি। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে মতিঝিলের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান কার্যালয় অভিমুখে যাওয়ার পথে দৈনিক বাংলার মোড়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। এসময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে কমিটির কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে এর প্রতিবাদ করে বক্তব্য রাখেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। কমিটির দাবির মধ্যে রয়েছে- জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল ও চুক্তির সঙ্গে জড়িতদের শাস্তি, ভারতের সঙ্গে সুন্দরবন ধ্বংসকারী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তি ও বঙ্গোপসাগরে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস’র সঙ্গে রপ্তানিমুখী গ্যাস চুক্তি বাতিল, ভবিষ্যত প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ’ আইন পাশ এবং রপ্তানিমুখী পিএসসি-২০০৮ বাতিল। সমাবেশে আরো বক্তব্য দেন লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাগিব আহসান মুন্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/সিএস/ডিডি/০০৪৫ ঘ.