২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা, ৮ প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তিনটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য সংশোধিত ট্যারিফ সিডিউলসহ আটটি প্রস্তাব অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 06:34 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তিনটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য সংশোধিত ট্যারিফ সিডিউলসহ আটটি প্রস্তাব অনুমোদন করেছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার কমিটি’র সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের এ সংক্রন্ত বিভিন্ন তথ্য দেন। তিনি জানান, ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মানিকগঞ্জের সিংগাইরে ৫০ মেগাওয়াট ও ঢাকার নবাবগঞ্জের দৌলতপুরে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ছয় টাকা ৯৮ পয়সা এবং মুন্সীগঞ্জে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য সাত টাকা ১৭ পয়সা ট্যারিফ হার নির্ধারণ করা হয়েছে। মুন্সীগঞ্জের কেন্দ্রের জন্য দেশীয় কনসোর্টিয়াম অব সামুদা কেমিক্যাল, সামিট পাওয়ার ও এএসএম কেমিক্যাল লিমিটেডকে স্পন্সর নিয়োগের অনুমোদন দেওয়া হয় বলে তিনি জানান। এছাড়া বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ‘ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন সাপোর্ট কনসালটেন্ট’ হিসেবে যুক্তরাজ্যভিত্তিক পিকেএফ ও এলএলপিকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬ লাখ নয় হাজার ৬৩১ ডলার। সভায় ভারতীয় ঋণের আওতায় খুলনা-মংলা বন্দর রেললাইনের সম্ভাব্যতা যাচাইসহ নির্মাণ কাজের দরপত্রের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৮ লাখ ৭২ হাজার ৪২১ ডলার। দেশি মুদ্রায় এর ব্যয়ের পরিমাণ হবে ১৫ কোটি পাঁচ লাখ ৮৬ হাজার টাকা। নূরুল করিম জানান, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ এবং আশুগঞ্জ-বাখরাবাদ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ সংক্রান্ত তিনটি প্রকল্পের দরপত্র প্রস্তাব অনুমোদিত হয়েছে। সাতটি প্যাকেজের আওতায় এ তিন প্রকল্পের পাইপলাইন সামগ্রী সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে ৪১ লাখ দুই হাজার ২২০ ডলার। বিআরটিএ’র মাধ্যমে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ এবং স্মার্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করার প্রস্তাব অনুমোদন করা হয়। দেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৫৯৯ কোটি ৬০ লাখ টাকা। এছাড়া ঢাকার কমলাপুর ও রামপুরায় ওয়াসার দু’টি পানির পাম্প স্টেশন নির্মাণের দরপ্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। এ খাতে ব্যয় হবে ২০৩ কোটি ৬০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/০০২৫ ঘ.