২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যাপলাতকদের গ্রেপ্তারে ব্যর্থতার কারণও জানাতেও ব্যর্থ পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যামামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে আদালতের আদেশ মানা হল কি না, তা জানাতে পারেননি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যামামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে আদালতের আদেশ মানা হল কি না, তা জানাতে পারেননি পুলিশ। সোমবার এই প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। আশুলিয়া থানা পুলিশের ব্যর্থতার কারণে আগামী ২৪ মে পুনরায় প্রতিবেদন দাখিলের তারিখ রেখেছেন ঢাকার হাকিম ওয়াসিম শেখ। এই বিচারক এই মামলায় গত ১৫ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সম্পত্তি ক্রোকের আদেশ দেন। গ্রেপ্তার আসামিদের সোমবার কারাগার থেকে আদালতে নেওয়া হয়। জুবায়ের হত্যামামলায় গত ৫ এপ্রিল ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মীর শাহীন শাহ পারভেজ। এই ১৩ জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। এই হত্যাকাণ্ডের পর জাহাঙ্গীরনগরে গড়ে ওঠা শিক্ষক ও ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় উপাচার্য শরীফ এনামুল কবিরও চাপে রয়েছেন। এই মামলায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন- রাশেদুল ইসলাম রাজু (দর্শন বিভাগ), খান মো. রইছ (প্রাণিবিদ্যা বিভাগ), ইসতিয়াক মেহবুব অরূপ (দর্শন বিভাগ), মাজহারুল ইসলাম (ইতিহাস বিভাগ), কামরুজ্জামান সোহাগ (দর্শন বিভাগ), নাজমুল হুসেইন প্লাবন (লোক প্রশাসন বিভাগ), শফিউল আলম সেতু (পরিসংখ্যান বিভাগ), অভিনন্দন কুন্ডু অভি (পরিসংখ্যান বিভাগ), মাহমুদুল হাসান মাসুদ (ইতিহাস বিভাগ)। গত ৮ জানুয়ারি ‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগকর্মীদের হামলায় আহত হন সংগঠনের কর্মী জুবায়ের। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩০০ ঘ.