২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি নিরাপত্তা নিয়ে ঢাকায় সেমিনার ৯ মে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে একটি আঞ্চলিক সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে একটি আঞ্চলিক সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী ৯ ও ১০ মে এ সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। কারওয়ান বাজারে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন, “জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থা কী ধরনের ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন: রোল অব রেগুলেটরস’ শীর্ষক একটি আঞ্চলিক সেমিনারের আয়োজন করা হচ্ছে।” ইউসুফ জানান, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান বা শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত থাকবেন। সেমিনারের পাশাপাশি ১০ মে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবকাঠামো বিষয়ক সংগঠন সাউথ এশিয়া ফোরাম ফর ইনফ্রাস্ট্রাকচার রেগুলেশন (এসএএফআইআর) এর ১৯ তম স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সেমিনারে আন্তঃসীমান্ত জ্বালানি বানিজ্য নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির সংরক্ষণ ও দক্ষ ব্যবহার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে চারটি সেশন অনুষ্ঠিত হবে। বর্তমানে ভুটান ও ভারত থেকে নেপাল সীমিত আকারে বিদ্যুৎ কেনে উল্লেখ করে কমিশনের সদস্য সেলিম মাহমুদ বলেন, “জ্বালানি নিরাপত্তার জন্য অন্যান্য দেশগুলোর মধ্যে এ ধরনের বিনিময় আরো বাড়ানো প্রয়োজন। এজন্য রিজনাল লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওর্য়াক গঠন করতে হবে।” কমিশনের অপর সদস্য মো. ইমদাদুল হক বলেন, “ইতোমধ্যে বাংলাদেশ ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি এবং আরো ২৫০ মেগাওয়াট কেনার জন্য দরপত্র আহ্বান করেছে। এ ধরনের উদ্যোগ আঞ্চলিকভাবে জ্বালানি নিরাপত্তা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।” সংবাদ সম্মেলনে কমিশনের সচিব আবদুল খালেক, পরিচালক (অর্থ) মোহাম্মদ আবু ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৭৪৯ ঘ.