চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের নাম, মো. ইদ্রিস (২২) ও নূর মোহাম্মদ (১৮)।
পাঁচলাইশ থানার ওসি মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ এপ্রিল ভোর পাঁচটার দিকে নগরীর কালারপুল এলাকায় মো. মাজাহারুল আলম মিলনকে (৩৭) হত্যা করে সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন সেট ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
মো. ইদ্রিসের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ মডেল থানায় অস্ত্র এবং হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪৩৬ ঘ.
bdnews24