২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন চাইতে ফখরুলরা হাইকোর্টে

এক সপ্তাহ ‘আত্মগোপনে’ থাকার পর হরতালের মামলায় জামিন আবেদনের শুনানির জন্য হাইকোর্টে হাজির হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহ ‘আত্মগোপনে’ থাকার পর হরতালের মামলায় জামিন আবেদনের শুনানির জন্য হাইকোর্টে হাজির হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা। সোমবার বেলা সোয়া ২টায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে তাদের আবেদনের শুনানি শুরু হয়। আরে আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ সকালে হাইকোর্টে তাদের পক্ষে জামিনের আবেদন জমা দেন। তার বক্তব্য শুনে বিএনপি নেতাদের আদালতে আসার ক্ষেত্রে বাধা না দেওয়ার আদেশ দেয় আদালত। এর পরপরই বেলা পৌনে ১টার দিকে পুলিশের বাধা ডিঙিয়ে পাঁচটি গাড়িতে করে হাইকোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেন মির্জা ফখরুল, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির আ স ম হান্নান শাহ ও খন্দকার মোশারর হোসেন। এর আগে বুদ্ধ পূর্ণিমার বন্ধের দিন রোববার বিকালে পুলিশের চোখ এড়িয়ে প্রায় ৪০ জনের মতো নেতাকর্মী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তাদের রাত কাটে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনে। এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনও ছিলেন। গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে মামলা দেয় পুলিশ। এরপর বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার এবং কয়েকজনের বাড়িতে পুলিশের অভিযান হলে অন্য নেতারা আত্মগোপন করেন। তাদের আগাম জামিনের আবেদন হাই কোর্টে দেওয়া হলেও একটি বেঞ্চ তা শুনতে বিব্রত বোধ করে। বিএনপি নেতাদের আইনজীবীদের ওই আবেদন নিয়মিত কার্যতালিকায় আনার পরামর্শ দেওয়া হয়। বিএনপি অভিযোগ করে আসছিলেন, মামলার পর হাই কোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে ফখরুলসহ নেতারা জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যেতে পারছিলেন না। গত কয়েকদিনে সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা থাকলেও হিলারি ক্লিনটন ও প্রণব মুখোপাধ্যায়ের মতো ভিভিআইপিদের ঢাকা সফরের সময় তাতে ঢিলেঢালাভাব দেখা যাওয়ায় বিএনপি নেতারা রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন। সোমবার সকালে ব্যারিস্টার মওদুদ বিএনপি নেতাদের পক্ষে জামিনের আবেদন জমা দিলে আদালত জানতে চান, তারা সিনিয়র বেঞ্চে (জামিনের এখতিয়ার সম্পন্ন জ্যেষ্ঠ বিচারপতিদের বেঞ্চে) কেন যাননি। মওদুদ বলেন, সিনিয়র বেঞ্চে একজন বিচারক বিব্রত বোধ করেছেন। অপর বেঞ্চের এক বিচারপতি ছুটিতে আছেন। আবেদনকারী কতজন- আদালত তা জানতে চাইলে মওদুদ বলেন, এক মামলায় আসামি ৪৪ জন, অন্য মামলায় ২৮জন। তারা সবাই জামিন চান। কেউ কেউ এসেছেন। কেউ কেউ আসতে পারছেন না। তারা বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আদালত অনুমতি দিলে তারা আসবেন। এ সময় আদালত বলে, প্রত্যেক নাগরিকের আদালতে এসে জামিন চাওয়ার অধিকার রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলমকে ডেকে বিএনপি নেতাদের আদালতে আসার ব্যবস্থা করতেও আদেশ দেয় আদালত। পরে ২টায় শুনানি সময় নির্ধারণ করা হয়। এরপর বেলা মির্জা ফখরুলসহ জ্যেষ্ঠ নেতাদের আদালতে প্রবেশ নির্বিঘœ করতে মওদুদসহ বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট ফটকে অবস্থান নেন। তারা আদালতের নির্দেশনা কথা বললে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে তাদের বাক বিতণ্ডাও হয়। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান এ সময় বলেন, কাগজ না পেলে তারা কাউকে ছাড়তে পারবেন না। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের হাতে আদালতের নির্দেশের কাগজ দেন মওদুদ। এরই ফাঁকে কালো কাচে ঢাকা পাঁচটি গাড়িতে করে আদালত প্রাঙ্গণে ঢুকে পড়ে ফখরুলসহ অন্যরা। কিছুক্ষণ পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগাপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান আন্দালিব রহমান পার্থও আদালত প্রাঙ্গণে হাজির হন। বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে অংশ নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদীন, বারের সাবেক সম্পাদক ব্যরিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার শাহজাহান ওমর উপস্থিত রয়েছেন। বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৩০ ঘ.